কিশোরীকে মুরগির ফার্মে আটকে রাতভর ধর্ষণ, অটো চালক গ্রেফতার

মাদারীপুরের ডাসার থানাধীন আটিপাড়া গ্রামের ১৭ বছর বয়সী কিশোরীকে মুরগির ফার্মে আটকে রাতভর ধর্ষণ এবং আত্মহত্যার চেষ্টার ঘটনায় অভিযুক্ত মো. রাব্বি সরদার (১৯) কে বরিশাল থেকে গ্রেফতার করেছে র্যাব-৮ সদস্যরা।
গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার মাগুরা মাদ্রাসা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাব্বি ঐ এলাকার মো. আলমগীরের ছেলে এবং পেশায় একজন অটোরিকশা চালক।
মামলার বরাত দিয়ে র্যাব-৮ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, কিশোরিকে অটোরিকশা চালক মো. রাব্বি সরদার প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিশোরী প্রস্তাব প্রত্যাক্ষান করলে রাব্বি তাকে ভয়-ভীতি প্রদর্শন করে।
এর ধারাবাহিকতায় গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে কিশোরীকে ফুসলিয়ে নিজ বাড়ি থেকে নিয়ে যায়। আনুমানিক রাত ১০টার দিকে তাকে গৌরনদী মডেল থানাধীন মাগুরা মাদারীপুর এলাকার বেরীবাঁধের পাশে জনৈক মো. সেলিম হাওলাদারের মুরগীর ফার্মের মধ্যে নিয়ে একাধিকবার ধর্ষণ করে।
পরবর্তীতে গত ২০ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে কিশোরীকে মাদারীপুর জেলার ডাসার থানাধীন ফ্রেজারবোজা নামক স্থানে রেখে আসে রাব্বি। এসময় কিশোরী বিয়ের কথা বললে রাব্বি তাকে ভয়ভীতি প্রদর্শন এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকী দেয়।
তখন ভিকটিম লোক লজ্জার ভয়ে সেখানেই একটি গাছের সাথে উড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে। পরবর্তীতে কিশোরীর মা বাদী হয়ে গৌরনদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার পর থেকে ধর্ষণ মামলার আসামি মো. রাব্বি সরদার পলাতক ছিলো। র্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানীর একটি অভিযানিক দল জানতে পারে আসামি মো. রাব্বি সরদার বরিশালের গৌরনদী থানাধীন মাগুরা মাদ্রসা এলাকায় অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে আসামির সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক আসামি মো. রাব্বি সরদারকে গ্রেফতার করে। পরে তাকে গৌরনদী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব-৮ এর উপ-পরিচালক।
কে.আর