বাকেরগঞ্জে বাস চাপায় বিএম কলেজ ছাত্রসহ নিহত ২

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাস চাপায় দুই বাইক অরোহী তরুণ নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চরাদী ইউনিয়নের নিমতলা বাসস্ট্যার্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চরাদী ইউনিয়নের সন্তোষদি গ্রামের বাসিন্দা নান্না মল্লিকের ছেলে নাজমুল মল্লিক (২০) এবং একই গ্রামের জসীম গাজীর ছেলে রাব্বি গাজী (২১)। এদের মধ্যে নাজমুল বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র। রাব্বি বেঙ্গল বিস্কুটের সেলসম্যান হিসেবে চাকরি করতো।
চরাদী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য মো. লোকমান হোসেন মৃধা মতবাদকে জানান, সন্তোষদি গ্রামের বাড়ি থেকে নাজমুল ও রাব্বি মোটরসাইকেল যোগে বরিশাল নগরীর উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে চরাদীর নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় চরকাউয়া বাসস্ট্যান্ড থেকে গোমা ফেরিঘাটগামী সাগর পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে গুরুতর আহত দুই তরুণকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এসময় সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম মতবাদকে জানান, ঘটনার পর থেকে বরিশাল সদর উপজেলার চরকাউয়া খেয়াঘাট বাসস্ট্যান্ড থেকে বাকেরগঞ্জের ডিসি রোডে বাস চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়েছে। পুলিশ বাসটি হেফাজতে নিয়েছে। রাব্বি মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিল আর নাজমুল রাব্বির সাথে বিএম কলেজে যাচ্ছিল।
কে.আর