জোয়ারের পানিতে বিদ্যালয় প্লাবিত, ব্যাহত পাঠদান

বরিশালের আগৈলঝাড়ায় গত কয়েকদিনের বৃষ্টিপাতে জোয়ার-ভাটার পানি ঢুকে পড়েছে একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে। ভরা জোয়ারের সময় উপজেলার রত্নপুর ইউনিয়নের রত্নপুর মাধ্যমিক বিদ্যালয়ে এমন চিত্র দেখা গেছে। ফলে বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম।
জোয়ারের পানির মধ্যে ক্লাস করতে গিয়ে শিক্ষার্থীরা পড়ছে চরম দুর্ভোগে। তবে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকায় সন্তানদের নিয়ে আতঙ্কে রয়েছেন অভিভাবকরা।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার ছয়গ্রাম-ধামুরা খালের পাশে অবস্থিত রত্নপুর মাধ্যমিক বিদ্যালয়ে গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টির কারনে জোয়ারের সময় বিদ্যালয় শ্রেণি কক্ষে পানি উঠে যায়। এতে দুর্ভোগে পড়েছে শিক্ষার্থী ও শিক্ষকরা। তবে অভিভাবকরা সন্তানদের জন্য বিষয়টি অত্যন্ত ঝঁকিপূর্ণ হিসেবে নিচ্ছেন।
বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেন ও ৯ম শ্রেণির শিক্ষার্থী শ্রাবনী মন্ডল জানান, গত কয়েকদিনের বৃষ্টিপাতে বিদ্যালয়ের টিনসেড ঘরটিতে আমাদের ক্লাস চলাকালীন অবস্থায় বই-খাতা ভিজে গেছে এবং শ্রেণিকক্ষে পানি উঠে তলিয়ে গেছে। এখন আমাদের ক্লাস করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোতালেব হোসেন জানান, জোয়ারের পানিতে বিদ্যালয়ের মাঠে হাঠু সমান পানি উঠে যায়। জোয়ারের সময় বিদ্যালয় কক্ষে পানি ঢুকে পড়ায় আমাদের প্রায় ২৮৪ জন শিক্ষার্থীকে দুর্ভোগ পোহাতে হয়। ক্লাস চলাকালীন অবস্থায় পানি ঢুকে পড়ায় অনেক শিক্ষার্থীই বিদ্যালয়ে আসে না।
তিনি আরও জানান, গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতের কারণে জোয়ারের পানি বিদ্যালয়ে এসেছে। বিদ্যালয়ের একটি টিনশেডের তৈরি ঘরে পাঠদান করানো হয়। শ্রেণিকক্ষে যাওয়ার রাস্তা পানিতে ডুবে যায়। শ্রেণিকক্ষে ঢুকে পড়েছে জোয়ারের পানি। এর মধ্যেই চলছে পাঠদান কার্যক্রম। বর্ষা মৌসুম আসলে বিদ্যালয়ে দুর্ভোগের শেষ থাকে না।
বর্ষাকালে বিদ্যালয়ে জোয়ারের পানি ঢুকে যাওয়ার বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি। এ দুর্ভোগ থেকে কখন যে রেহাই পাবো জানি না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন জানান, উপজেলার রত্নপুর মাধ্যমিক বিদ্যালয়ে জোয়ারের পানি ঢুকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ তলিয়ে যাওয়ার কথা মৌখিকভাবে শুনেছি।
এইচকেআর