মুলাদীতে শিক্ষক দম্পতির পথ বন্ধ করে দিল প্রতিপক্ষ

মুলাদীতে পূর্ব শত্রুতার জেরধরে স্কুল শিক্ষক দম্পতির ঘরের সামনে বরই ও খেজুর কাঁটা দিয়ে পথ বন্ধ করে দিয়েছেন প্রতিপক্ষরা। গত শনিবার বিকেলে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের ফারুক কাজী ও তাঁর লোকজন ওই এলাকার স্কুল শিক্ষক নাসির উদ্দীন কাজীর বাড়ির রাস্তা বন্ধ করে দেন। এতে স্কুল শিক্ষক সহ ৩টি পরিবারের সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েছেন। এই ঘটনায় নাসির উদ্দীন কাজী গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
নাসির উদ্দীন কাজী জানান, চরকমিশনার এলাকায় বাড়ি নির্মাণ করে প্রায় ৪০ বছর ধরে বাস করছেন। বাড়ি থেকে মূল সড়ক পর্যন্ত একটি এজমালি রাস্তা রয়েছে। কয়েকদিন আগে ওই রাস্তা সংস্কার করতে গেলে ফারুক হোসেন কাজী, ইউসুফ বেপারী ও তাদের লোকজন বাঁধা দেন। ওই ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে জানালে তাঁরা ক্ষিপ্ত হয়ে শনিবার বিকেলে রাস্তায় কাটা দিয়ে পুরোপুরি বন্ধ করে দেন। বাড়ি থেকে বের হওয়ার পথে কাঁটা দেওয়ায় নাসির উদ্দীন কাজী ও তাঁর পরিবারের লোকজন অবরুদ্ধ হয়ে পড়েন। তাঁরা বিলের মধ্যে দিয়ে কষ্ট করে চলাচল করেছেন।
বন্ধ রাস্তা খুলে দেওয়ার জন্য গত রোববার নাসির উদ্দীন কাজী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন। ফারুক হোসেন কাজী স্কুল শিক্ষকের বাড়ির রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, রাস্তাটি নির্মাণের সময় নাসির উদ্দীন কাজী কোনো সহযোগিতা করেননি এমনকি জমিও দেননি। সেই রাস্তা দিয়ে চলাচল করতে তাকে নিষেধ করা হয়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর মোহাম্মদ হোসাইনী বলেন, স্কুল শিক্ষকের অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশণা দেওয়া হয়েছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম মাকসুদুর রহমান বলেন, স্কুল শিক্ষকের সাথে তাঁর প্রতিবেশিদের জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরধরে রাস্তা নিয়ে কিছুটা সমস্যা হয়েছে। কাজিরচর ইউনিয়ন চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে সমন্বয় করে বিষয়টি সমাধানের ব্যবস্থা করা হবে।
এইচকেআর