শেষ হলো বরিশাল বিভাগীয় বৃক্ষমেলা , কোটি টাকার গাছ বিক্রি

পক্ষকালব্যাপী বরিশাল বিভাগীয় বৃক্ষমেলা আজ রোববার শেষ হয়েছে। বৃক্ষমেলার সমাপনী উপলক্ষে বিকেলে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বৃক্ষ খাবার দিয়েছে, আবাসন দিয়েছে, অক্সিজেনও দিয়েছে। তাই শুধু বৃক্ষ রোপণ করলেই চলবে না, তার পরিচর্যাও জানতে হবে। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় নার্সারি মালিকদের বড় ভুমিকা রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-মহা পুলিশ পরিদর্শক এস. এম আক্তারুজ্জামান, উপকূলীয় বন সংরক্ষক মোহম্মদ হারুন অর রশিদ খান, সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ এহতেশামুল হক এবং বীর মুক্তিযোদ্ধা এ.এম.জি কবির।
আলোচনা শেষে বিভাগীয় কমিশনার বৃক্ষমেলায় অংশ নেওয়া ২১ নার্সারি মালিকদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।
মেলায় অংশ নিয়ে প্রথম হয়েছে গ্রিন গার্ডেন নার্সারি, দ্বিতীয় হয়েছে ক্যাকটাস ভ্যালি এবং তৃতীয় স্থান অধিকার করেছে মরিয়ম নার্সারি।
অনুষ্ঠানে বন বিভাগ সূত্রে জানা যায়, এবারের বৃক্ষমেলায় ৫৪ হাজার ৮২০টি চারা বিক্রি হয়েছে যার মূল্য এক কোটি দুই লাখ ৯৯ হাজার ৯০০ টাকা।
উল্লেখ্য, বঙ্গবন্ধু উদ্যানে পক্ষকালব্যাপী এই বৃক্ষমেলা গত ৩১ জুলাই শুরু হয়।
এএজে