লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবির ৫ দিন পর সুকানীর মরদেহ উদ্ধার

বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে ঢাকাগামী মর্নিং সান-৯ লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজের ৫ দিন পর বাল্কহেডের সুকানী মিলন হাওলাদারের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১২ আগস্ট ) বিকাল সাড়ে ৪ টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা দুর্ঘটনাস্থল বানারীপাড়ার মসজিদবাড়ি এলাকায় সন্ধ্যা নদীর তলদেশে বাল্কহেডের মধ্য থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। এসময় সেখানে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
এর আগে দুর্ঘটনার পরের দিন ৯ আগস্ট বেলা পৌনে ১২টার দিকে বাল্কহেডের মধ্য থেকে নিখোঁজ অপর শ্রমিক ইঞ্জিন মিস্ত্রি কালামের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়। তাদের দু’জনের বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার নান্দুহার গ্রামে।
এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী জানান, শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি হুমায়ুন কবিরের নেতৃত্বে ডুবুরিরা মিলনের খোঁজে দুর্ঘটনাস্থলে সন্ধ্যা নদীতে তল্লাশী চালাচ্ছিল। বিকেলে তারা তাকে জানায়,বাল্কহেডের ভিতরে মিলনের মরদেহ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ময়না তদন্তের জন্য মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। মিলনের মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা ।
প্রসঙ্গত,পিরোজপুরের ভাণ্ডারিয়া থেকে ঢাকা যাওয়ার পথে গত ৮ আগস্ট সোমবার রাত পৌনে ৯টার দিকে বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদবাড়ি (দাসেরহাট) এলাকায় সন্ধ্যা নদীতে এমভি মর্নিংসান-৯ লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বালুবাহী একটি বাল্কহেড ডুবে যায়। নিখোঁজ হয় বাল্কহেডের দু'শ্রমিক কালাম ও মিলন। ওই দিন বেলা পৌনে ১২টার দিকে ওই বাল্কহেডের ভেতর থেকে নিখোঁজ দু'শ্রমিকের মধ্যে ইঞ্জিন রুমের মিস্ত্রি কালামের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়। তবে অপরজন বাল্কহেডের সুকানী মিলনের (৩৫) সন্ধান পাচ্ছিলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা। অবশেষ শুক্রবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। বাল্কহেডটি উদ্ধারের চেষ্টা চলছে।
এইচকেআর