ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
আড়াই মাসে ১৭ জনের আত্মহনন

বরিশালে শিক্ষার্থীদের মাঝে বাড়ছে আত্মহননের প্রবণতা

বরিশালে শিক্ষার্থীদের মাঝে বাড়ছে আত্মহননের প্রবণতা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে আত্মহননের প্রবণতা বাড়ছে শিক্ষার্থীদের মাঝে। গত আড়াই মাসেরও কম সময়ের ব্যবধানে বিভাগে আত্মহত্যা করেছেন মোট ১৭ জন। এদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যাই বেশি। উল্লিখিত সময়ে মোট ৭ জন শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছেন। 

এছাড়া শিশু রয়েছে ২ জন। বাকীদের মধ্যে ৪ জন যুবক, ২ তরুণী ও ২ জন গৃহবধূ। বিভাগের মধ্যে আত্মহত্যার সংখ্যাগত দিক দিয়ে সবার উপরে দ্বীপজেলা ভোলা। এ জেলায় আত্মহত্যা করেছেন ৪ জন। 

এছাড়া বরিশালের গৌরনদী ও পটুয়াখালীতে ৩ জন করে মোট ৬ জন, কাঁঠালিয়া, মঠবাড়িয়া, বাবুগঞ্জ, আমতলী ও উজিরপুরে ১ জন করে মোট ৫ জন এবং বরিশাল নগরীর ২ জন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে। পারিবারিক কলহ, প্রেমে ব্যর্থতা এবং হতাশাকে কেন্দ্র করে আত্মহত্যার ঘটনাগুলো ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

তথ্যানুসারে গত ৬ আগস্ট আলভী নামে ১১ বছরের শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নগরীর ৯নং ওয়ার্ডের রসুলপুর এলাকায় দু:খজনক এই ঘটনাটি ঘটে। ৩ আগস্ট বখাটের উত্ত্যক্তের জেরে আত্মহত্যার পথ বেছে নেয় কাঠালিয়া উপজেলার উত্তর আউরা গ্রামের ৮ম শ্রেণীর শিক্ষার্থী নাসরিন আক্তার। 

গত ২ আগস্ট ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেন বরিশাল নগরীর উত্তর মল্লিক রোডের বাসিন্দা আবৃত্তিশিল্পী শাসসুন্নাহার নিপা। ১৬ জুলাই ভোলার লালমোহনে রুমা বেগম নামের সপ্তম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। রুমা ঘরের আড়ার সাথে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করে। 

গত ১৫ জুলাই নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন গৌরনদীর পশ্চিম হোসনাবাদ গ্রামের কলেজছাত্র ইমাম হোসেন (২২)। প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। একইদিন ১৫ জুলাই চরফ্যাশন উপজেলার শশীভূষণে প্রবাসী মো. কাজল (৩০) নামের যুবক আত্মহত্যা করেন বিষপানে।

১৩ জুলাই গৌরনদী মডেল থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লিজা আক্তার (১৮) নামে বিয়ের পিঁড়িতে বসতে চলা তরুণীর মরদেহ উদ্ধার করে। লিজা গলায় ফাঁস দিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে অভিযাগ। ৬ জুলাই গলায় ফাঁস দেয় পটুয়াখালীর বাউফলের তিশা মনি নামে মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। 

২৩ জুন ভোলার চরফ্যাশনের চরমাদ্রাজ ইউনিয়নের পূর্বমাদ্রাজ গ্রামে জান্নাতুল মাওয়া রুপা নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ১৮ জুন বিয়ে ভেঙে যাওয়ার অপমান সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেন আমতলীর উত্তর তক্তাবুনিয়া গ্রামের একাদশ শ্রেণীর শিক্ষার্থী তামান্না আক্তার।

১৫ জুন বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের পাংশা গ্রামে গলায় ফাঁস দিয়ে ফারজানা (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটে। 

৬ জুন পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দেন গৌরনদীর বাটাজোরের মাহিন্দ্রা চালক মোঃ হাচান ফকির (২৮)। 

এছাড়া গত ২৮ মে স্ত্রীর সাথে অভিমান করে স্বামী আত্মহত্যা করেন উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের বাসিন্দা আরাফাত হোসেন রাজিব। 

২৬ মে প্রেমিকের বিয়ের খবরে আত্মহত্যার পথ বেছে নেন মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের কলেজ শিক্ষার্থী তানিয়া। 

অপরদিকে বিয়ের ২৬ দিনের মাথায় গলায় ফাঁস দিয়ে আকলিমা বেগম নামের এক নববধূ আত্মহত্যা করেন গত ২১ মে। ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ এলাকায় এ ঘটনা ঘটে। 

১৬ মে পিরোজপুরের মঠবাড়িয়ায় মোঃ সোহাগ নামের দশ বছরের এক শিশু বাবা মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দেয়। 

১৫ মে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষী এলাকায় গাছ থেকে রাসেল (২১) নামক জেলের গলায় রশি পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন