গাছের ডাল পড়ে নানির মৃত্যু, বেঁচে গেল কোলে থাকা নাতি

বরিশালের গৌরনদীতে গাছের ডাল পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তবে বেঁচে গেছে তার কোলে থাকা সাত মাস বয়সী এক শিশু। সে সম্পর্কে ওই নারীর নাতি। নিহত হাসিনা বেগম (৪০) গৌরনদী উপজেলার বাটাজোর ইউপির বাহাদুরপুর গ্রামের শাহজাহান ফকিরের স্ত্রী। বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম মুকুল বলেন, ওই নারীর মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরতে দেরি করছিল। তাই সাত মাস বয়সী নাতিকে নিয়ে বাড়ির সামনে বের হন হাসিনা। এ সময় ঝোড়ো বাতাসে একটি চাম্বুলগাছের ডাল ভেঙে ওই নারীর মাথার ওপর পড়ে। এতে শিশুটি কোল থেকে ছিটকে পড়লেও বেঁচে যায়। তবে ঘটনাস্থলে মারা যান শিশুর নানি হাসিনা বেগম।
গৌরনদী থানার ওসি (তদন্ত) মো. হেলালউদ্দিন বলেন, গাছের ডাল পড়ে নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এইচকেআর