বরিশালে মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্র ফেডারেশনের মানববন্ধন

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড সহ প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের নামে পুলিশের দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় ছাত্র ফেডারেশন জেলা কমিটির আয়োজনে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির সভাপতি জাবের মোহাম্মদের সভাপতিত্বে ও সম্পাদক সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক জান্নাতুল নিপু, সাংগঠনিক সম্পাদক রাইদুল ইসলাম সাকিব, জেলা কমিটির সদস্য বর্ণা রায়, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জামান কবির, সিটি কলেজের সংগঠক নাহিদ ইসলাম, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, সদস্য নজরুল ইসলাম খান, বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার্স সমিতির রুপাতলি অঞ্চলের সদস্য জালাল উদ্দীন প্রমুখ।
বক্তারা বলেন, আমরা মনে করি দেশে ন্যূনতম নাগরিক অধিকারের ছিটেফোঁটাও নেই। যেকোন যৌক্তিক আন্দোলনে সরকার তার পুলিশ বাহিনি দিয়ে হামলা ও মামলার মাধ্যমে আন্দোলনকে দমন করতে চায়। যার সবশেষ সংযোজন মশিউর রহমান খান রিচার্ড সহ ছাত্র নেতা দের নামে মামলা। জ্বালানি মূল্য বৃদ্ধি সহ যেকোন অন্যায় অবিচারের প্রতিবাদে ছাত্র ফেডারেশন সবসময়ই রাজপথে সরব আছেন।
বক্তারা প্রগতিশীল ছাত্র সংগঠনের বিক্ষোভ সমাবেশে হামলা ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, ছাত্র নেতাদের নামে দায়ের কৃত মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।
এইচকেআর