বরিশালে লঞ্চ-বাল্কহেড সংঘর্ষে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে লঞ্চের সাথে সংঘর্ষে বাল্কহেড ডুবিতে নিখোঁজ দুইজনের মধ্যে কালাম নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৯ আগস্ট) সকালে বরিশালের বানারীপাড়া উপজেলাধীন সন্ধ্যা নদীর খেজুরবাড়ি পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বাল্কহেডের মালিক হাবুল কাজী।
তিনি জানান, মৃত কালাম (৫৫) পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার নান্দুহার এলাকার বাসিন্দা। নিখোঁজ অপর শ্রমিক মিলনের সন্ধানে নদীতে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন বাল্কহেডের মালিক।
উল্লেখ্য, প্রায় ৫ শত যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ঢাকা যাওয়ায় পথে উজিরপুর উপজেলাধীন মীরের হাট নাম সংলগ্ন সন্ধ্যা নদীতে এমভি মর্নিং সান-৯ লঞ্চের সাথে একটি বাল্কহেডের সাথে সংঘর্ষ হয়।
এতে বাল্কহেডটি ডুবে নিয়ে এর দুই শ্রমিক নিঁখোজ হয় এবং লঞ্চের তলা ফেটে ভেতরে পানি প্রবেশ করতে থাকে। পরবর্তীতে লঞ্চটিকে উজিরপুরের বড়াকোঠা ইউনিয়নের চৌধুরীর হাট লঞ্চঘাটে নোঙ্গর করে।
এসময় আতঙ্কিত হয়ে বেশিরভাগ যাত্রী লঞ্চ থেকে নেমে গেলেও কিছু যাত্রী লঞ্চে থেকে যায়। পরবর্তীতে লঞ্চটির তলায় ফেটে যাওয়া অংশ মেরামত করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই তিনিসহ, স্থানীয় পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা উপস্থিত হন।
লঞ্চের যে অংশ ফেটে যায়, সেখানে ঝালাই করে মেরামত করা হয়। পরে রাত সোয়া ৩ টার দিকে লঞ্চটি নিরাপদে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। তখন লঞ্চে ১ শতর ওপরে যাত্রী ছিলো বলে জানান তিনি।
এদিকে, এ ঘটনায় এখনও কোন পক্ষ কোন ধরনের মামলা দায়ের করেননি বলে জানিয়েছে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ আলম চৌধুরী বলেন, এ ঘটনায় বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এইচকেআর