দ্বিতীয় দিনের কর্মবিরতিতে মেহেন্দীগঞ্জ পৌর কর্মকর্তা-কর্মচারীরা

সহকর্মীকে মারধরের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন মেহেন্দীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (০৪ আগস্ট) সকাল ৯টা থেকে কাজে যোগ না দিয়ে পৌরসভার সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন তারা। বুধবারও তারা এ কর্মবিরতি পালন করেন।
আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা জানান, মঙ্গলবার হামলার শিকার হন পৌরসভার সহকারী লাইসেন্স ইন্সপেক্টর মিঠুন দেবনাথ। এ ঘটনার প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত দুই দিন কর্মবিরতি ঘোষণা করা হয়েছে।
পৌরসভার সহকারী লাইসেন্স ইন্সপেক্টর মিঠুন দেবনাথ জানান, মঙ্গলবার দুপুর ৩টার দিকে পৌরসভা কার্যালয় সংলগ্ন সড়কে একটি সেলুনে যান। সেলুনে সব চেয়ার পূর্ণ থাকায় তিনি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এ সময়ে ৭০-৮০টি মোটরসাইকেলের একটি মহড়া ওই সড়ক অতিক্রম করছিল। তিনি (মিঠুন) মহড়া দেখে সেলুনের ভেতর ঢুকে পড়েন। মোটরসাইকেলর বহর সামনের দিকে চলে যাওয়ার পর পরই সোহরাব হোসেন সোহাগের নেতৃত্বে ৪-৫ জন এসে তাকে কিল-ঘুষি-লাথি মারে।
মিঠুন দেবনাথ বলেন, তিনি এ ঘটনায় মেহেন্দীগঞ্জ থানায় বুধবার লিখিত অভিযোগ দিয়েছেন। পৌরসভার সহকারী প্রকৌশলী শুকলাল বিশ্বাস বলেন, পৌরসভার সহকারী লাইসেন্স ইন্সপেক্টর মিঠুন দেবনাথের ওপর প্রকাশ্যে মঙ্গলবার দুপুরে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের গ্রেফতারের দাবিতে তারা বুধবার কর্মবিরতী পালন করেছেন। বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলে।
মেহেন্দীগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন খান বলেন, মঙ্গলবার দুপুরে পৌরসভার সহকারী লাইসেন্স ইন্সপেক্টর মিঠুন দেবনাথকে মারধর করা হয়। হামলাকারীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলাবাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
তবে অভিযুক্ত সোহরাব হোসেন সোহাগ বলেন, মঙ্গলবার তাদের মোটরসাইকেলের মহড়া সামনের দিকে এগিয়ে যাওয়ার পর কে বা কারা মিঠুন দেবনাথের ওপর হামলা করেছে। তিনি টের পেয়ে বহর থেকে নেমে সেলুনে ঢুকে হামলাকারীদের নিবৃত্ত করেন। বিষয়টি প্রতিপক্ষরা এখন ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছে।
মোটরসাইকেল মহড়ার কারণ জানতে চাইলে সোহরাব হোসেন সোহাগ বলেন, বিএনপি-জামায়াত সারাদেশে সন্ত্রাস করছে। এর প্রতিবাদে তারা একদিন মোটরসাইকেল মহড়া দিয়েছেন। সপ্তাহখানেক ধরে প্রতিদিন মহড়া দেওয়ার কথা অস্বীকার করেন তিনি।
মেহেন্দীগঞ্জ থানার এসআই মো. আবু বক্কর সকালে জানান, পৌরসভার সহকারী লাইসেন্স ইন্সপেক্টর মিঠুন দেবনাথ তার ওপর হামলার অভিযোগ এনে ১ জনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছিলেন। বুধবার রাতে অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করা হয়েছে।
এইচকেআর