সাহান আরা বেগমসহ চার বীর মুক্তিযোদ্ধাকে মরণোত্তর সম্মাননা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা ও মহানগর কমান্ডের আয়োজনে সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় নগরীর বান্দরোডে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এই সংবর্ধনা এবং সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এছাড়া সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা ও মহানগর কমান্ডার এবং জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
প্রধান অতিথি’র বক্তব্যে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, ‘আমি কে সেটা বড় কথা নয়। নৌকাকে আমাদের পাশ করাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যাকেই এখানে নৌকা দিবেন, তাকেই আমাদের বিজয়ী করতে হবে।
মেয়র বলেন, ‘সোনার বাংলাদেশ গড়তে হলে সোনার মানুষ লাগবে। জন্মগ্রহণের সময় আছে, কিন্তু মৃত্যুর সময় নেই। যে কেউ যে কোন সময় চলে যেতে পারে। টাকা দিয়ে মানুষের জীবন বাঁচানো যায় না। তবুও আমি আমার জায়গা দিয়ে চেষ্টা করি। আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার পক্ষে যা করা সম্ভব অনেকের পক্ষে তা করা সম্ভব না। আমি যেটা করতে পারবো সেটা অনেকেই করতে পারবে না। আমি যে কাজগুলো করি সেটাই একজন জনপ্রতিনিধির করা উচিত। আমাদের প্রতিটি মানুষের প্রতিটি রাজনৈতিক নেতার এভাবেই করা উচিত। যে যার অবস্থানে রয়েছেন সেই অবস্থান থেকে যতটুকু সম্ভব এগিয়ে এলে আরও সুন্দর হবে।
এসময় মেয়র বলেন, ‘গত জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বর্তমান সংসদ সদস্যকে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আমার থেকে বেশি ভোট পাবেন জাহিদ ফারুক শামীম। এটা আমি করে দেখিয়েছি। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলে তিনি আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন সেটাই আমার জন্য বড় পাওয়া। তাই বলবো ব্যক্তি কে সেটা বড় বিষয় না। আমাদের নৌকাকে বিজয়ী করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যাকেই নৌকা দিবেন আমরা তাকেই বিজয়ী করবো।
সংবর্ধনা এবং সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আনিচুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এএমজি কবীর ভুলু। এছাড়াও জেলা ও মহানগরীতে বসবাসরত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা বেগমকে মরণোত্তর সম্মাননা প্রদান করেন অতিথিবৃন্দ। মায়ের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন জ্যেষ্ঠ পুত্র সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
এছাড়াও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হক খোকা চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা মোকলেছুর রহমানকে মরণোত্তর সংবর্ধনা প্রদান করা হয়েছে। তাদের পক্ষে প্রত্যেকের পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা স্মরক প্রদান করেন অতিথিবৃন্দ।
এএজে