ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news

মেহেন্দিগঞ্জে আগুনে ৭ দোকান পুড়ে ছাই

মেহেন্দিগঞ্জে আগুনে ৭ দোকান পুড়ে ছাই
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরশহরে ৭টি দোকান আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোররাতে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বদরপুর রাজলক্ষ্মী সিনেমা হল সংলগ্ন মার্কেটে এই আগুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে আব্দুর রশিদের চায়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে একে একে নিজামউদ্দিনের মুদি দোকান, রোকনের স্টেশনারী, রঞ্জিত শীল ও বাবুল শীলের সেলুন এবং হারুন ও আলতাফের খাবার হোটেল পুড়ে যায়।

মেহেন্দিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম মোল্লা জানান, বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন তারা। খবর পেয়ে ১ ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণ হয়। অগ্নিকাণ্ডে দুটি খাবার হোটেল, দুটি সেলুন, একটি চায়ের দোকান, একটি মুদি দোকান এবং একটি স্টেশনারী দোকান পুড়ে গেছে।

আগুনের খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরন্নবী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরন্নবী জানান, সংসদ সদস্য পংকজ নাথ ক্ষতিগ্রস্তদের তাৎক্ষনিক সহায়তা হিসেবে ১০ হাজার টাকা করে নগদ সহায়তা দিয়েছেন। উপজেলা পরিষদ থেকেও তাদের সহায়তা দেয়া হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন