বানাড়ীপাড়ায় মেধাবী ছাত্রী সাদিয়াকে বৃত্তি প্রদান

মনোরমা বসু মাসিমা "আনন্দ নিবাস ও শিক্ষা কেন্দ্র"র আয়োজনে মনোরমা বসু মাসিমা'র জন্মস্থান বানাড়ীপাড়া উপজেলার নরোত্তমপুর গ্রামের রিক্সা চালক মো. মিজান হাওলাদারের কন্যা অদম্য মেধাবী ছাত্রী সাদিয়া আফরিন হারিছা চলতি বছরে এমবিএস ভর্তি পরীক্ষায় কৃতিত্তের সাথে উত্তির্ণ হয়ে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হয়েছে।
হারিছা'র আগামী ৫বছরের মেডিকেল শিক্ষাজীবন সুষ্ঠুভাবে ভাবে পরিচালনার জন্য "মনোরমা বসু মাসিমা আনন্দ নিবাস ও শিক্ষা কেন্দ্র'র পক্ষ থেকে বৃত্তি প্রদানের সিদ্ধান্তনুযায়ী সোমবার সকাল ১১টায় আইসিডিএ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক আল-মামুন তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিডিএ'র প্রতিষ্ঠাতা আনোয়ার জাহিদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী নেত্রি রাবেয়া খাতুণ, আইসিডিএ'র নির্বাহী পরিচালক সালমা খান, অধ্যাপিকা শিবানী চৌধুরী, শুভংকর চক্রবর্তী, নজরুল ইসলাম খান, মো. জহিরুল ইসলাম এবং মজিবর রহমান।
অনুষ্ঠানে সাদিয়া আফরিন হারিছা উপস্থিত সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মা-বাবা ও দেশের মানুষের চিকিৎসা সেবা করার তৌফিক অর্জন করতে পারি তার জন্য আপনারা সবাই আমাকে দোয়া করবেন। এরপর প্রধান অতিথি মঞ্চের সবাইকে নিয়ে প্রথম বছরের ২৫ হাজার টাকার চেক হারিছা ও তার মা রাজিয়া বেগম'র হাতে তুলে দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইসিডিএ'র প্রধান কার্যালয়ের হিসাবরক্ষক ইসরাত জাহান।
এইচকেআর