ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news

সদ্য ঘোষিত মহানগর ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

সদ্য ঘোষিত মহানগর ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সদ্য ঘোষিত বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পদবঞ্ছিত নেতাকর্মীরা। সোমবার দুপুরে নগরীর শহীদ সোহেল চত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

এসময় সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়কদের বিয়ের ও সন্তানসহ ছবি প্রদর্শন এবং কমিটি বাতিলের দাবিতে স্লোগান দেন তারা।

এর আগে গত ২৩ জুলাই বরিশাল মহানগর ছাত্রলীগের ৩২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ। কমিটিতে জেলা বাস মালিক সমিতির সদস্য রইচ আহমেদ মান্নাকে আহ্বায়ক এবং মাইনুল ইসলাম ও আরিফুর রহমান শাকিলকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

আহ্বায়ক এবং দুইজন যুগ্ম আহ্বায়ক তিনজনই বিবাহিত এবং তাদের বয়সীমা পেরিয়ে গেছে বলে অভিযোগ বিক্ষোভকারী ছাত্রলীগ নেতাকর্মীদের। এমনকি কমিটিতে জায়গা পাওয়া বেশ কয়েকজন সদস্যের ছাত্রত্বও নেই বলে দাবি তাদের।

এর আগে সোমবার বেলা ১২টার দিকে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে ছাত্রলীগের পদবঞ্ছিত নেতাকর্মীরা খন্ডখন্ড মিছিল নিয়ে সদর রোডে শহীদ সোহেল চত্বরে জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। পরে সোহেল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সদররোডসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জোবায়ের আবদুল্লাহ জিন্নাহ, সরকারি বরিশাল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল মামুন, ছাত্রলীগ কর্মী তানভির আহম্মেদ, প্রিন্স সরদার, আব্দুল আলিম, রেজাউল রহমান নিয়ন, আবু তালহা, কানন প্রমুখ উপস্থিত ছিলেন।

মিছিলে অংশ নেয়া ছাত্রলীগের পদবঞ্ছিত কর্মী মেহেদী হাসান বলেন, ‘যে লোকটা শ্রমিক রাজনীতি করে সেই লোকটা কিভাবে ছাত্রলীগের মত একটি ঐতিহ্যবাহি সংগঠনের আহ্বায়ক হয় সেটা আমাদের বুঝে আসছে না। শ্রমিক সংগঠনে পদধারী যে নেতা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক করা হয়েছে সেই রইচ আহমেদ মান্না’র নেই ছাত্রত্ব, কমিটিতে আসার বয়সও নেই। বড় কথা হচ্ছে সে বিবাহিত এবং দুই সন্তানের জনক। তার এক সন্তানের বয়স প্রায় দশ বছর। আমরা চাই এই কমিটি বাতিল করে গঠনতন্ত্র অনুযায়ী কমিটি গঠন করা হোক।’

ইমরান হাওলাদার নামের অপর এক পদবঞ্ছিত নেতা বলেন, ‘আমরা ছাত্রলীগ করি। যাদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে তাদের তো কমিটিতে আসার যোগ্যতাই নেই। মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম ও আরিফুর রহমান শাকিলও বিবাহিত। ছাত্রত্ব বা বয়স কোনটাই তাদের নেই। এতো ত্যাগী নেতাকর্মী থাকতে তাকে দিয়ে কেন ছাত্রলীগ চালানো হবে? এই বিতর্কিত কমিটি বাতিল করে নতুন কমিটি না করা হলে আমরা মাঠ ছাড়বো না। আমাদের আন্দোলন চলবে।’

এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, নগরীতে যারা বিক্ষোভ মিছিল করেছে তারা বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এর অনুসারী। সদ্য ঘোষিত কমিটিতে প্রতিমন্ত্রী অনুসারীদের জায়গা হয়নি বলে দাবি ছাত্রলীগের পদবঞ্ছিত কর্মী তাহসিন আহম্মেদের।’
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন