ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে মাইক্রোবাসের ৬ যাত্রী নিহতের ঘটনায় বাস চালক গ্রেফতার

বরিশালে মাইক্রোবাসের ৬ যাত্রী নিহতের ঘটনায় বাস চালক গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের উজিরপুরে বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৬ যাত্রী নিহতের ঘটনায় বাস চালক মো. মশিউর রহমান (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বরগুনা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মশিউর রহমান বাগেরহাট জেলার গোটাপাড়া এলাকার ইউসুফ আলী শে‌খের ছে‌লে ও ঘাতক মোল্লা ট্রাভেলস এর চালক। সোমবার (২৫ ‍জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ২১ জুলাই বেলা সাড়ে ১২ টার দিকে গাজীপুর থে‌কে কুয়াকাটাগামী একটি মাইক্রোবাস উজিরপুরের নতুন শিকারপুর এলাকায় পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা মোল্লা ট্রাভেলস্ এর বেপরোয়া গতির একটি বাস সেটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে চারজন ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয় এবং গুরুত্বর আহত হয় ৪ জন।

তবে ঘটনার পরপরই মোল্লা পরিবহনের বাসটিকে ফেলে পালিয়ে যায় চালকসহ সংশ্লিষ্টরা। পরে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা কবলিত মোল্লা ট্রাভেলসের বাস ও মাইক্রোবাসটি জব্দ করে তাদের হেফাজতে নেয়।

এদিকে, এ ঘটনার পর মাইক্রোবাস চালকের ছেলে বাদী হয়ে ২৩ জুলাই উজিরপুর মডেল থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির মাধ্যমে পালিয়ে থাকা বাসের চালক মশিউর রহমানকে বরগুনা বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি‌কে গৌরনদী হাইও‌য়ে থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে ব‌লে জানিয়েছেন র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন