বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনা: মায়ের পরে চলে গেলো দুই বছরের শিশু
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জে বিআরটিসি বাসের চাপায় মায়ের মৃত্যুর পরে চলে গেলো দুই বছরের শিশু ফারহানা। বুধবার বিকাল ৪টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
ফারহানা বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা ফয়সালের মেয়ে। বেলা সাড়ে ১২টার দিকে বরিশালের বাকেরগঞ্জে বিআরটিসি বাস চাপায় গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন ফারহানার মা সাথী আক্তার এবং খালা তানজিলা।
এই ঘটনায় তার বাবা ফয়সালও গুরুতর আহত হয়েছেন। তিনি শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থায়ও গুরুতর বলে জানিয়েছেন শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার মশিউর রহমান ফিরদাউস।
তিনি জানান, ‘বাকেরগঞ্জে দুর্ঘটনায় আহত শিশু ফারহানা এবং তার বাবা ও মাকে আল আমিন নামের একজন পথচারী বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসেন। প্রথমে তাদেরকে অজ্ঞাত পরিচয়ে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে আনার পরে সাথী আক্তারের মৃত্যু হয়। এরপর বিকাল ৪টার দিকে হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার দুই বছরের শিশু কন্যা ফারহানা মৃত্যুর কোলে ঢলে পড়েন। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন শিশুর বাবার অবস্থায় আশঙ্কাজনক বলে জানান ওয়ার্ড মাস্টার।
এর আগে বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে একটি বিআরটিসি বাস যাত্রীবাহী অটোরিক্সাকে চাপা দেয়। এ ঘটনায় ঘটনাস্থলে অটোরিক্সা চালকসহ তিনজনের মৃত্যু হয়।
এছাড়া আহত চারজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে তানজিলা আক্তার নামের একজনকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। এছাড়া হাসপাতালে ভর্তির পরে মৃত্যুবরণ করেন তানজিলার বোন সাথী আক্তার। সবশেষ মৃত্যু হয়েছে সাথীর মেয়ে ফারহানার। এ নিয়ে বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।
এইচকেআর