বরিশালে পুলিশের পদোন্নতিপ্রাপ্তদের সংবধর্না ও ঈদ পুনর্মিলনী

বরিশাল পুলিশ প্রশাসনের সদ্য পদোন্নতি এবং বদলি হওয়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রেঞ্জ ডিআইজি’র আয়োজনে মঙ্গলবার রাতে বরিশাল পুলিশ লাইন্স ড্রিলডেসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কেক কেটে এবং ফুলেল শুভেচ্ছা জানানোর মাধ্যমে বদলি এবং পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের সংবর্ধনা জানান বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান ও রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান।
এছাড়া অনুষ্ঠানের শেষ অংশে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান।
আয়োজিত অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, র্যাব ৮ এর অধিনায়ক ও ডিআইজি জামিল হাসান, ডিআইসি একেএম এহসান উল্লাহ, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, জেলার পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেনসহ প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, সম্প্রতি বরিশাল মেট্রোপলিটন পুলিশ, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার কার্যালয়, র্যাব-৮, আরআরএফ, এপিবিএন এবং পিবিআই’র সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতিজনিত বদলি হয়।
এর মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সাইফুল ইসলাম। এছাড়া বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি একেএম এহসান উল্লাহ, র্যাব-৮ এর অধিনায়ক জামিল হাসান ডিআইজি পদে পদোন্নতিজনিত কারণে বদলি হয়েছেন।
এছাড়া পুলিশ সুপার মো. মারুফ হোসেন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়ে র্যাবের অধিনায়ক পদে বদলি হয়েছেন। পটুয়াখালী জেলার পুলিশ সুপারকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দিয়ে বরিশাল রেঞ্জে বদলি করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম এবং মোহাম্মদ এনামুল হককে বরিশাল থেকে বদলি করা হয়েছে দেশের পৃথক স্থানে। এছাড়াও বরিশাল এপিবিএন-১০ এর অধিনায়ক এবং পিবিআই’র বরিশাল অঞ্চলের পুলিশ সুপারকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিসহ বদলি করা হয়েছে।
কেআর