শেবাচিমের উন্নয়ন কার্যক্রম স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটি সদস্যদের পরিদর্শন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং তৎসংলগ্ন এলাকায় চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।
মঙ্গলবার সকাল ১০টায় বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান এর নেতৃত্বে তারা হাসপাতালের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন।
এসময় হাসপাতালে রোগীর চিকিৎসার মান, চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন, গণপূর্ত বিভাগের অধিনে চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং তদারকি করেন তারা। পাশাপাশি সম্প্রতি হাসপাতালে আগুন এবং রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্কের বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নেন বিভাগীয় কমিশনারসহ অন্যান্য সদস্যবৃন্দ। প্রায় সময় হাসপাতালে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের কারণ খতিয়ে দেখেন তারা। এর বাইরে হাসপাতালে কোন সংকট বা সমস্যা-সম্ভাবনা রয়েছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেন পরিদর্শনকারী ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরিদর্শনে পাওয়া সমস্যা-সম্ভাবনাসহ সার্বিক বিষয়ে আগামী স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সভায় রিপোর্ট করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শনকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম- বিপিএম (বার), বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মনিরুজ্জামান শাহীন, হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়ন এবং চলমান উন্নয়ন কাজে অনিয়ম-অসঙ্গতীসহ সার্বিক বিষয় তদারকির জন্য তিন সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করে দেন শেবাচিম হাসপাতালের স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা এবং উন্নয়ন কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ- এমপি। বিভাগীয় কমিশনারকে প্রধান করে গঠিত কমিটিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং শেবাচিম হাসপাতাল পরিচালককে সদস্য করা হয়। এই কমিটি সরেজমিনে পরিদর্শন করবেন এবং সকল সমস্যা এবং সম্ভাবনার পাশাপাশি রোগী চিকিৎসা সেবা নিয়ে কোন অনিয়ম বা দুর্নীতি সম্পর্কে খোঁজ নিবেন। পরবর্তীতে এ বিষয়ে সুপারিশ সহকারে স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির কাছে দাখিল করবেন। সে অনুষ্ঠানে কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে।
এএজে