সিস্টার লুসিকে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

ব্রিটিশ ও বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব পাওয়া সিস্টার লুসি হেলেন ফ্রান্সিস হল্টকে ঈদ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপহার পৌঁছে দিয়েছেন বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার।
সোমবার (১১ জুলাই) বিকেলে বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার তাকে উপহার পৌঁছে দেন।
বিকেলে জেলা প্রশাসক তার বাবা মাকে সঙ্গে নিয়ে লুসির আবাসস্থল বরিশালের অক্সফোর্ড মিশনে যান। এ সময় সেখানে জেলা প্রশাসককে স্বাগত জানান বিশপ সৌরভ ফলিয়া। পরে সিস্টার লুসি হল্টের রুমে বসে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
শুভেচ্ছা হিসেবে ফুল, ফল ও নগদ এক লাখ টাকা উপহার প্রদান করেন জেলা প্রশাসক।
মঙ্গলবার (১২ জুলাই) সকালে জসিম উদ্দিন হায়দার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনা আছে মানবদরদি লুসি হল্টের সব সময় খোঁজখবর রাখা। সেজন্য সুযোগ পেলেই স্বশরীরে হাজির হই লুসির বাসায়। জেলা প্রশাসন সবসময়ই লুসির পাশে ছিল, আছে জানিয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে লুসিকে এক লাখ টাকা দেয়া হয়।
প্রসঙ্গত, লুসি হল্ট মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের যশোর ফাতেমা হাসপাতালে অবস্থান নিয়ে আহতদের সেবা দিয়েছিলেন। যুদ্ধকালীন সময়ে বর্হিবিশ্বে বাংলাদেশের স্বপক্ষে চিঠি লিখে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখেন।
তাছাড়াও দেশের বিভিন্ন স্থানে সেবামূলক কাজ করেন লুসি। এই লুসি বাংলাদেশের নাগরিকত্ব চেয়ে বিভিন্ন দফতরে গেলেও নাগরিকত্ব পাননি।
এ নিয়ে ২০১৬ সালে ১ ডিসেম্বর প্রথম অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে সাংবাদিক অপূর্ব অপু। ধারাবাহিক প্রতিবেদন প্রচারের পর প্রধানমন্ত্রীর নজরে পড়লে পরে নিজ হাতে বাংলাদেশের নাগরিকত্ব তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এএজে