তিনদিন পর বাকপ্রতিবন্ধী ছেলেকে ফিরে পেল মা

ফেস বুকের মাধ্যমে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সবার পরিচিত বাকপ্রতিবন্ধী শাবলু (১২) কে তিনদিন পর পাওয়া গেছে।
ফেসবুকের মাধ্যমে তাকে ঢাকার আশুলিয়া বাইপেল এলাকা থেকে সোমবার সন্ধ্যায় এক ব্যক্তি পেয়ে তার মায়ের কাছে পৌছে দেয়।
শাবলু ইন্দুরকানী উপজেলা পরিষদের পাশেই ইন্দুরকানী গ্রামের মগবুল শেখের ছোট ছেলে। গত শুক্রবার বাক প্রতিবন্ধী শাবলু তার মায়ের সাথে তার বড় ভাই পোশাক শ্রমিক কাবলুর বাসা ঢাকার আশুলিয়া ইউনিক এলাকায় বেড়াতে যায়।
কিন্তু শনিবার সকালে শাবলু বাসা থেকে একা বের হয়ে পথ হারিয়ে ফেলে। পরে তিন দিন ওই এলাকায় মাইকিং সহ থানায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শাবলুর ছবি দিয়ে প্রচারণা চালানো হয়। অবশেষে ফেসবুকে ছবি দেখে তিন দিন পর সোমবার সন্ধ্যায় তাকে বাইপেল এলাকায় একব্যক্তি পেয়ে তার মায়ের কাছে পৌছে দেয়।
শাবলুর বড় ভাই কাবলু জানান, গত শনিবার আমার ছোট ভাই বাকপ্রতিবন্ধী শাবলু আমার বাসা ঢাকার আশুলিয়া ইউনিক এলাকা থেকে পথ হারিয়ে নিখোজ হয়ে যায়। তাকে না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলে তিন দিন পর তাকে সোমবার সন্ধ্যায় আশুলিয়া বাইপেল এলাকায় একব্যক্তি পেয়ে আমার কাছে ফোন করে। আমি সেখান থেকে আমার ভাইকে নিয়ে আসি।
এএজে