অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারালেন লঞ্চের ১২যাত্রী

কোরবানির ঈদকে সামনে রেখে বাড়ি ফেরার আয়োজনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকা ও মোবাইলফোনসহ মূল্যবান মালপত্র হারিয়েছেন ১২ যাত্রী।
শনিবার (৯ জুলাই) ওই ১২ যাত্রীকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি হওয়া ১২ জন হলেন- রাজীব হাওলাদার, গোপাল, রশিদ, মিলন, নাইম, সুমন, দেবাশিষ, শরিফুল, আল-আমিন, শুভ, সুমন ও জসিম।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়া ১২ যাত্রীর সবাই ঢাকা থেকে লঞ্চযোগ বরিশালে আসছিলেন এবং তারা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। এ সময় তাদের সঙ্গে থাকা মোবাইলফোন, টাকা ও মূল্যবান মালাপত্রের সবকিছু খুইয়েছেন।
পুলিশ জানায়, অজ্ঞান পার্টি চক্রের সদস্যরা কৌশলে খাবারের সঙ্গে চেতনানাশকদ্রব্যে খাইয়ে তাদের অজ্ঞান করেন। পরে সঙ্গে থাকা মোবাইলফোন, টাকা ও মূল্যবান মালাপত্র নিয়ে যায়। তারা পুরোপুরি সুস্থ না হওয়ায় কী পরিমাণ মালাপত্র খোয়া গেছে বলতে পারেনি।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এসব যাত্রীদের লঞ্চ কর্তৃপক্ষ, নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএর লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এদের মধ্যে ঢাকা বরিশাল-রুটের পারাবাত-৯ লঞ্চে থেকে ৭ জন ও পূবালী লঞ্চ থেকে একজনকে উদ্ধার করা হয়েছে।
হাসপাতালের সিনিয়র নার্স নীলিমা রায় জানান, এদের মধ্যে ১০ জন সুস্থ হয়ে ফিরে গেছে। দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।
এইচকেআর