বরিশালে ফার্মেসিতে থ্রি-হুইলার চালকদের হামলা

দোকানের সামনে গাড়ি রাখা নিয়ে ঝগড়ার জেরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি ফার্মেসিতে হামলা ও ভাংচুর করেছে থ্রি-হুইলার চালকরা।
নগরীর ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মজিবর রহমান জানান, বৃহস্পতিবার রাতে এ হামলার সময় ফার্মেসির মালিক ও দোকান কর্মচারীদের মারধরও করে বলে অভিযোগ পাওয়া গেছে।
ব্যবসায়ী খলিলুর রহমান বলেন, “হাসপাতালের প্রধান গেটের বিপরীতে ঝালকাঠি মেডিকেল হলে হামলা-ভাংচুর করেছে দুর্বৃত্তরা। তারা দোকান মালিক আব্দুল মন্নানসহ চার জনকে আহত করেছে।”
তিনি জানান, মারধরে আহত দোকান মালিক আব্দুল মন্নান ও কর্মচারী বিশ্বজিৎকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১১টার পর ধর্মঘটের ডাক দেয় হাসপাতালের সামনের ফার্মেসি মালিক-কর্মচারীরা। একযোগে ঔষধ বিক্রি বন্ধ করে ফার্মেসি তালাবদ্ধ করে দেন তারা।
রাত ১২টার দিকে নগরীর ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মজিবর রহমান এসে ঘটনার বিচার করার আশ্বাস দেওয়ায় মালিকরা ফার্মেসি খুলে দেন বলে খলিলুর জানান।
কাউন্সিলর মজিবর রহমান জানান, ফার্মেসির সামনে থ্রি-হুইলার রাখা নিয়ে চালকের সাথে মালিক ও কর্মচারীদের মধ্যে তর্ক হয়। তখন থ্রি হুইলার চালককে মারধর করা হয়। পরে চালক লোকজন নিয়ে এসে ফার্মেসির লোকজনকে মারধর করেছে।
তিনি বলেন, “বিষয়টি খতিয়ে দেখে প্রকৃত অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ফার্মেসি খুলে দিয়েছে ব্যবসায়ীরা।”
কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম জানিয়েছেন, অভিযোগ পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এইচকেআর