বরিশালে মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল অরোহী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। বুধবার (০৬ জুলাই) দুপুরে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট এবং বাবুগঞ্জ থানাধীন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে বরিশাল-ঢাকা মহাসড়কে মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল অরোহী নিহত হয়েছেন।
বুধবার মহাসড়কের শিকারপুর ব্রিজের ঢালে ইছলাদি টোল ঘর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটর সাইকেল অরোহী হলেন-বেল্লাল হোসেন শেখ (৪০)। সে রাজবাড়ীর হরিণডাঙ্গা এলাকার আমিন শেখের ছেলে।
বাবুগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম প্রত্যক্ষদর্শীর বরাতে দিয়ে জানান, মোটরসাইকেলে বেল্লাল গৌরনদীর দিকে যাচ্ছিলেন। তখন বরিশালের উদ্দেশ্যে যাওয়া অজ্ঞাত মাইক্রোবাস মোটরসাইকেল অরোহীকে চাপা দিয়ে পালিয়ে গেছে।
বেল্লালকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।
বেল্লাল একা থাকায় তার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেননি বলে এসআই জহিরুল ইসলাম জানিয়েছেন।
অপরদিকে দুপুরে বরিশাল নগরের কাশিপুরের বাসতলা এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার এসআই সুমন জানান, বাসটি ঢাকা থেকে বরিশালের দিকে আসছিল। কাশিপুর এলাকায় এলে বিপরীত দিকে থেকে আসা ট্রাকের সঙ্গে মুখেমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় দুই যানবাহনের দুজন চালক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এইচকেআর