আগৈলঝাড়ায় আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ কাজ পরিদর্শন

বরিশালের আগৈলঝাড়ায় দিন ব্যাপী বৃষ্টির মধ্যেও আশ্রয়ন প্রকল্পের ৩য় পর্যায়ের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন। বুধবার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের ২৫টি ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোশররফ হোসাইন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোশররফ হোসাইন জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণের ৩য় পর্যায়ে উপজেলার ৫টি ইউনিয়নে ৯৬টি ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। এর মধ্যে ৪৫টি ঘরের কাজ প্রায় শেষের পথে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্বাবধানে পরিচালিত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারী অর্থায়নে ঘর প্রদানের কার্যক্রম গ্রহণ করে হয়েছে। এরই মধ্যে ১ম ধাপের ও ২য় ধাপের ঘর নির্মাণ কাজ শেষ করে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দলিলসহ ঘর হস্তান্তর করা হয়েছে।
বর্তমানে উপজেলার ৫টি ইউনিয়নে ৩য় ধাপে ৯৬টি ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে। এর মধ্যে গৈলা ইউনিয়নে ৩৩টি, বাগধা ইউনিয়নে ২৫টি, রাজিহার ইউনিয়নে ১২টি, বাকাল ইউনিয়নে ১৪টি ও রত্নপুর ইউনিয়নে ১২টিসহ মোট ৯৬টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে। ওই ঘরের কাজ সম্পন্ন শেষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হবে।
ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ও নির্মাণাধীন ঘরসমূহের গুনগত মান ঠিক আছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য তিনি উপজেলার বিভিন্ন আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন।
এইচকেআর