আগৈলঝাড়ায় অবৈধ তিনটি করাত কলকে জরিমানা

বরিশালের আগৈলঝাড়ায় অবৈধভাবে স্থাপন করা তিনটি করাতকলকে জরিমানা করা হয়েছে। জানা গেছে, বুধবার উপজেলার দুটি ইউনিয়নে স্থাপিত এসব করাত কলের বিরুদ্ধে করাতকল লাইসেন্স বিধিমালা, ২০১২ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, করাত কলের লাইসেন্স না থাকায় উপজেলার বাকাল ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আব্দুল হক বক্তিয়ারের ছেলে গাউস বক্তিয়ারকে ১০ হাজার টাকা, পয়সারহাট বাজারের আবেদ আলীর ছেলে সাইদ হোসেনকে ১০ হাজার টাকা ও ফুল্লশ্রী গ্রামের সলেমান ফকিরের ছেলে রাছেল ফকিরকে ১০ হাজার টাকাসহ মোট তিনটি করাত কলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর আগেও কয়েকবার এইসব করাতকলের বিরুদ্ধে অভিযান করলেও তারা আবারও করাতকলের কার্যক্রম অব্যাহত রাখে। যার কারনে এই সব করাতকলের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দেয়া হয়।
এসময় লাইসেন্স প্রাপ্তির আগ পর্যন্ত করাতকলের সকল কার্যক্রম বন্ধ করে রাখার নির্দেশ দেয়া হয়। তাই জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উপজেলা বন কর্মকর্তা মনিন্দ্রনাথ হালদার জানান, অবৈধ ও অনুমোদনবিহীন করাত কলের তালিকা জেলা ও উপজেলা প্রশাসনকে দেওয়া হয়েছে। করাত কল মালিকদের সর্তক করে নোটিশ পাঠানো হয়েছে। তারপরও তারা লাইসেন্স এর জন্য আবেদন করেননি।
অভিযানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা বন কর্মকর্তা মনিন্দ্রনাথ হালদার, পেশকার সিদ্দিকুর রহমান, আগৈলঝাড়া থানার উপপরিদর্শক সুব্রতসহ আনসার সদস্যরা।
এইচকেআর