আগৈলঝাড়ায় তিন পশুর হাটে থাকবে ভেটেরিনারি মেডিকেল টিম

আগামী ১০ জুলাই মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে সামর্থ্যবান মুসলমানরা মহান আল্লাহর নামে পশু কোরবানি করে তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন।
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিম পরিচালনার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রাণিসম্পদ অধিদফতর। এ উদ্যোগ কার্যকর করতে মাঠ পর্যায়ে কাজ করবে ২০ জনের ভেটেরিনারি মেডিকেল টিম। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে ভেটেরিনারি মেডিকেল টিমের উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান তরফদার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা রাফিউল আলম নাইম, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা গিয়াস উদ্দিন, শেফালী রানী, সুশীল হাওলাদার ও সহদেব রায়।
দেশব্যাপী করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় সবাই এক ধরণের মানসিক অশান্তিতে রয়েছি। এ সময়ে খামারিরা পশু বিক্রির ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন। পাশাপাশি কোরবানির পশুর হাটগুলোতে সুস্থ পশু প্রাপ্তি এবং খামারিদের সুস্থ পশু বিক্রি নিশ্চিত করার জন্য ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। মেডিকেল টিমগুলো ঈদের আগে তিনদিন উপজেলার গৈলা ইউনিয়ন পরিষদ মাঠে, রাজিহার ইউনিয়ন পরিষদ মাঠ ও ছয়গ্রাম পশুর হাটে অবস্থান করবে বলে প্রাণিসম্পদ অধিদফতর থেকে জানা গেছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান তরফদার বলেন, বরাবরের মতো এবারও কোরবানি পশুর হাটগুলোতে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। পশুর হাটের পাশেই বসবে মেডিকেল টিম। মেডিকেল টিমের পুরো কাজের দায়িত্বটা মূলত প্রাণিসম্পদ অধিদফতরের। হাটে আনার সময় যদি কোনো গবাদিপশু অসুস্থ হয়ে পড়ে, সেটাকে চিকিৎসা দেবে এই টিম। এছাড়া যারা গরু নিয়ে আসেন তারা যদি কোনো পরামর্শ চান সেটাও দেয়া হবে। অনেক সময় দেখা যায় গাড়ি থেকে নামতে গিয়ে গরু আহত হয়, গরু মারামারি করে আহত হয়। এ গরু গুলোকেই চিকিৎসা দেবে মেডিকেল টিম। এছাড়া পশুর জন্য প্রয়োজনীয় জরুরি কিছু ওষুধ থাকবে।
এবার উপজেলায় কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা ৬ হাজার ৯টি জানিয়ে তিনি আরও বলেন, গত বছর কোরবানি হয়েছিল ৫ হাজার ৯৯৫টি গবাদিপশু। তারপরও গবাদিপশু উদ্বৃত্ত থাকবে বলে আমরা মনে করছি।
এইচকেআর