গৌরনদীতে বিএনপির ১২ নেতাকর্মী গ্রেপ্তার

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী এলাকা থেকে বিএনপির ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে সোমবার রাতে বার্থী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আমিনুল হক শাহিনের বাড়ীতে অভিযান চালিয়ে বিএনপি’র ১১ নেতা-কর্মী ও পরে একজনকে আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- বার্থী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী আমিনুল হক শাহিন। ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা ও বিএনপি কর্মী কাইউম খান, রুহুল আমীন, মন্টু খান, রেজাউল মোল্লা, জাফর হাওলাদার, এনায়েত হোসেন, সাইফুল ইসলাম, সামিউল বেপারী, মুন্না বেপারী, আকাশ খন্দকার ও আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়া গ্রামের ইত্তিকার তালুকদার।
মামলার বাদী গৌরনদী মডেল থানার এসআই কেএম আব্দুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একদল লোক বার্থী গ্রামের জনৈক আমিনুল হক শাহিনের বাড়ীতে বসে সরকার বিরোধী নাশকতার ছক কষছে। পরে ওই বাড়ীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। তবে গ্রেপ্তারকৃতদের স্বজনরা জানিয়েছেন, বিএনপি নেতা আমিনুল হক শাহিনের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওই বাড়িতে গিয়েছিলো তাঁরা।
এইচকেআর