রূপাতলী শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব ফিরে পেলেন পরিমল ও শাহরিয়ার বাবু

বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব ফিরে পেলেন পরিমল চন্দ্র দাস ও আহমেদ শাহরিয়ার বাবু’র নেতৃত্বাধিন কমিটি। তাদের কমিটির কার্যক্রম স্থগিত করে শ্রম আদালতের দেয়া নিষেধাজ্ঞার আদেশ ঢাকা শ্রম আপিলেট ট্রাইব্যুনাল ছয় মাসের জন্য স্থগিত করেছেন।
স্থগিতাদেশের মেয়াদকাল পর্যন্ত বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং- খুলনা ১৩৬২) এর নেতৃত্বে থাকবেন পরিমল ও বাবু’র কমিটি। ইউনিয়নের কার্যক্রম পরিচালনায় তাদের আর কোন বাধা নেই বলে সংগঠনের প্যাডে খুলনার বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন্সকে অবহিত করা হয়েছে।
বুধবার রাতে বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি পরিমল চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক আহমেদ শাহরিয়ার বাবু স্বাক্ষরিত এক পত্র এবং শ্রম আপিলেট ট্রাইব্যুনালের আদেশপত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে গত ১৫ জুন পরিমল চন্দ্র দাস এবং শাহরিয়ার বাবুর নেতৃত্বাধিন বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করে বরিশাল শ্রম আদালত।
জানা গেছে, ‘দীর্ঘ বছর ধরে রূপাতলী বাসস্ট্যান্ড কেন্দ্রীক বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের একক নেতৃত্ব দিয়ে আসছিলেন সবুর খান সবুজ এবং সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ। তাদের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণের পরেও শ্রমিক সংগঠনের নির্বাচন না দিয়ে জোরপূর্বক পদ দখল এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ তোলেন শ্রমিকদের একটি অংশ।
এর পরিপ্রেক্ষিতে মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস এবং রায়পাশা-কড়াপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আহমেদ শাহরিয়ার বাবুকে সাধারণ সম্পাদক করে শ্রমিক ইউনিয়নের কমিটি করা হয়। তবে এই কমিটিকে অবৈধ দাবি করে পাল্টা কমিটি করেন সুলতান মাহমুদ। সেখানে সুলতান মাহমুদ নিজে সভাপতি এবং তার ভাতিজাকে সাধারণ সম্পাদক করেন। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা, পাল্টাপাল্টি মহড়া, হামলা-মামলার ঘটনাও ঘটে।
এদিকে, শ্রমিক ইউনিয়নের ২০২১-২০২৩ মেয়াদের নির্বাচিত কমিটি অবৈধ এবং কার্যনির্বাহী কমিটির কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে করে শ্রম আদালতে মামলা করেন ঝালকাঠির রাজাপুর উপজেলার ছোট কৈবর্তখালী গ্রামের মৃত হুসাইন আহমেদের ছেলে বাস শ্রমিক মো. জামাল হোসেন। যার মামলা নম্বর ০১/২০২২। এর পরিপ্রেক্ষিতে বরিশাল শ্রম আদালত গত ১৬ জুন ৮ নম্বর আদেশে বাদী পক্ষে নির্বাচিত কমিটির কার্যক্রমে অস্থায়ী স্থগিতাদেশ প্রদান করেন।
এর প্রেক্ষিতে বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি পরিমল চন্দ্র দাস শ্রম আপিলেট ট্রাইব্যুনালে ট্রান্সফার মিসকেস নম্বর ৪৭/২০২২ দায়ের করা হয়। এর গত ২৭ জুন ২ নম্বর আদেশে বরিশাল শ্রম আদালতের দেয়া অস্থায়ী নিষেধাজ্ঞা ছয় মাসের জন্য স্থগিতাদেশ প্রদান করেন।
কেআর