আগৈলঝাড়ায় জমির বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫

বরিশালের আগৈলঝাড়ায় জমির জায়গার বিরোধকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ বাগধা গ্রামের রাহমান ঢালী ও মোহাম্মদ ঢালী যৌথ ভাবে একটি জমি ক্রয় করেন। সেই জমিতে বাড়ি করার জন্য সোমবার বিকেলে মোহাম্মদ ঢালী মাটি কাটতে যায়। তখন রহমান ঢালী জমির জায়গা পরিমাপ না করে মাটি কাটতে বাঁধা দেয়। পরে এ নিয়ে মোহম্মদ ঢালীর লোকজন রহমান ঢালীসহ তাদের লোকজনকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
রহমান ঢালী জানান, একটি জমির ৪৮ শতাংশ জমি আমি ক্রয় করি এবং ওই একই জমির ২৪ শতাংশ জমি একই এলাকার মোহাম্মদ ঢালী ক্রয় করেন। মোহাম্মদ ঢালী ওই জমি পরিমাপ না করে একতরফা বাড়ি করার জন্য মাটি কাটতে গেলে আমি তাতে বাঁধা প্রদান করি। পরে মোহাম্মদ ঢালী বাড়ি এসে তাদের লোকজন নিয়ে আমার উপর হামলা করে। তখন আমাকে রক্ষা করতে আসলে মোহাম্মদ ঢালীর নেতৃত্বে সবুজ মোল্লা, আলামিন মোল্লা, শিমুল, সাগর, মাওলা, চপলসহ প্রায় ২০/৩০ জন মিলে আমাদের উপর হামলা করলে আলামিন ঢালী, রাব্বি ঢালী, মেরাজুল ঢালী ও জব্বার ঢালী আহত হয়। এসময় স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযুক্ত মোহাম্মদ ঢালী জানান, জমি একসাথে ক্রয় করেছি ঠিকই তারপর আমি আমার জায়গায় বাড়ি করার জন্য মাটি কাটছিলাম। কিন্তু রহমান ঢালী জমি পরিমাপ না করে মাটি কাটতে বাঁধা দেয়। তার জন্যই তাদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। রহমান ঢালী বাদী হয়ে আগৈলঝাড়া থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।
এব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, হামলা-সংঘর্ষের ঘটনায় একপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এইচকেআর