বরিশালে ব্যাটারি চালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক শ্রমিকদের বিক্ষোভ

আবারো ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ।
সীতাকুন্ডে শ্রমিক হত্যার বিচার, বরিশালে পার্কিং স্ট্যান্ড নির্ধারণ -মহাসড়কে সার্ভিস লেন চালু, কল্যান সমিতির ভুয়া টোকেনের নামে শ্রমিকদের নির্যাতন ও হয়রানি বন্ধসহ ৫ দফা দাবিতে সমাবেশ করে তারা।
সোমবার সকাল ১১টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা।
সমাবেশে সংগ্রাম পরিষদের সংগঠক ও রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন (২৩২৪) এর সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক ইমাম হোসেন খোকন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মানিক হাওলাদার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার সহ-সভাপতি গোলাম রসুল, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ ২৫ নং ওয়ার্ডের সভাপতি শাহিন শরিফ,২১ নং ওয়ার্ড শাখার সভাপতি ফজলুর রহমান, ১৩ নং ওয়ার্ডের সভাপতি শহিদুল ইসলাম, ১৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ২২নং ওয়ার্ড শাখার সভাপতি মহসিন মীর, ২৪ নং ওয়ার্ড শাখার সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা সীতাকুণ্ডে বিস্ফোরণে শ্রমিক হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বক্তারা আরও বলেন, বরিশাল শহরে ব্যাটারিচালিত যানবাহনের জন্য কোন পার্কিং স্ট্যান্ড নাই। এতে শ্রমিকরা রাস্তায় প্রতিনিয়ত ট্রাফিক বিভাগের মামলা ও হয়রানির শিকার হচ্ছে। পাশাপাশি মহাসড়কে সার্ভিস লেন না থাকায় আঞ্চলিক সড়কেও ব্যাটারিচালিত যানবাহনের চলাচলে বাস মালিক সমিতিসহ বিভিন্ন বাধার সম্মুখীন হতে হচ্ছে। সড়কে শৃঙ্খলা রক্ষায় বক্তারা নগরীতে পার্কিং স্ট্যান্ড নির্ধারণ ও অবিলম্বে মহাসড়কে সার্ভিস লেন চালু করার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, ২০২১ সালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে "থ্রি হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা " প্রকাশিত হয় যেখানে সুস্পষ্টভাবে বলা হয় যে ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইকের লাইসেন্স দেয়ার একমাত্র কর্তৃপক্ষ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। বর্তমানে বরিশালে "ইজিবাইক ও অটোরিক্সা কল্যাণ সংগঠন " নামে একটি প্রতারকচক্র লাইসেন্স ও টোকেনের কথা বলে শ্রমিকদের বিভ্রান্ত করছে ও জোরজুলুম করছে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক,পুলিশ কমিশনার, বি আর টি এ বরিশাল সার্কেলের সহকারি পরিচালক বরাবর স্মারকলিপি পেশ করে।
এইচকেআর