আগৈলঝাড়ায় মারধর করে অপহরণ করার অভিযোগ

বরিশালের আগৈলঝাড়ায় বাড়ির জায়গার বিরোধকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে আহত করে ভ্যানযোগে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার রত্নপুর ইউনিয়নের মোহনকাঠি গ্রামের ইস্রাফিল হাওলাদারের ছেলে আজিজ হাওলাদারের সাথে একই বাড়ির আজাহার আলী হাওলাদারের ছেলে হায়দার হাওলাদারের সাথে বাড়ির জায়গার বিরোধকে কেন্দ্র করে ঝগড়া হয়। পরে হায়দার হাওলাদারের নেতৃত্বে ৮/১০ জন মিলে আজিজ হাওলাদারের উপর হামলা চালায় এবং তাকে অপহরন করে নিয়ে যায়।
আজিজ হাওলাদার জানান, সকালে আমি বাড়ি থেকে বের হলে মোহনকাঠি এলাকার সিরাজুল হক মোল্লার মুদি দোকানের সামনে বসে আমার পথরোধ করে প্রতিপক্ষের হায়দার হাওলাদার ও ভাইয়েরা। পরে হায়দারের সাথে বাকবিতন্ডার একপর্যায় তার ভাই আমীর, সবুজ, আকতারসহ ৮/১০ জন মিলে আমাকে এলোপাথারি পিটিয়ে পা ভেঙ্গে ফেলে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে আমাকে প্রতিপক্ষের লোকজন হাসপাতালে নেয়ার কথা বলে ভ্যান যোগে উজিরপুর উপজেলার কচুয়া নামক এলাকায় নিয়ে অপহরন করে খুন করার হুমকি দেয়। ভ্যানযোগে নেয়ার সময় মিশ্রিপাড়া বাজার সংলগ্ন সড়কে থাকা ব্যবসায়ী স্থানীয় আওয়ামীলীগ নেতা আওলাদ কাজীকে ডাক দিয়ে বাঁচার আকুতির কথা জানালে সে এগিয়ে এসে আমাকে উদ্ধার করে।
আওলাদ কাজী জানান, আজিজ হাওলাদারকে ভ্যানে করে কিছু লোক মুখ চেপে ধরে নিয়ে যাওয়ার সময় আজিজ আমাকে দেখে ডাক চিৎকার দিলে আমি ও স্থানীয় লোকজন আজিজকে উদ্ধার করি। পরে তার স্বজনরা খবর পেয়ে মিশ্রিপাড়া এলাকা থেকে উদ্ধার করে। আজিজকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় আজিজ হাওলাদারের স্ত্রী লাভলী বেগম বাদী হয়ে হায়দায় হাওলাদারসহ কয়েকজনকে অভিযুক্ত করে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে থানার উপপরিদর্শক মিলটন মন্ডলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এইচকেআর