প্রাইম ব্যাংক ক্রিকেট টুর্নামেন্টে আছমত আলী খান ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

প্রাইম ব্যাংক জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ এর বরিশাল বিভাগীয় পর্যায়ে আছমত আলী খান ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
চৌহতপুর মাধ্যমিক বিদ্যালয়কে ৩৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। আছমত আলী খান ইনস্টিটিউশন বরিশাল মহানগরীর অন্যতম ঐতিহ্যবাহী ও প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের বর্তমান সভাপতি ও বরিশাল মহানগর আওয়ামীলীগের ০১ নং যুগ্ন সাধারণ সম্পাদক, জনাব হাসান মাহমুদ বাবু বলেন, আমি নিজে এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থ, প্রতিষ্ঠানের প্রতি আমার আবেগ ও দায়বদ্ধতার জায়গা থেকে সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে বিদ্যালয়ের উন্নয়নের চেষ্টা করে যাচ্ছি। অতীতে এ প্রতিষ্ঠানে বেশ কিছু সমস্যা ছিল, সেগুলো আস্তে আস্তে সমাধান করে এখন দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছি। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা ছাড়া একজন শিক্ষার্থীর মেধা ও মননের পরিপূর্ণ বিকাশ সাধন সম্ভব নয়। এ কারণে আমরা খেলাধুলাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরীন পারভীন বলেন, যে শিক্ষায় আনন্দ নেই, সে শিক্ষা প্রকৃতপক্ষে কোন শিক্ষাই না। শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িয়ে আনন্দের মাধ্যমে শিক্ষা লাভ করতে পারে। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড একজন শিক্ষার্থীকে নেতৃত্ব, দেশপ্রেম ও সুনাগরিকের শিক্ষা দেয়। শিক্ষার্থীদের এ বিজয়ে আমি সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক মামুন হাওলাদার বলেন, বিদ্যালয় ইতিহাসে কয়েক যুগের মধ্যে খেলাধুলায় এটা বড় অর্জন। বর্তমান সভাপতি মহোদয়ের সুদক্ষ পরিচালনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে বিভিন্ন স্কুলের সাথে প্রতিযোগিতায় ভালো ফলাফল করছে।
গতকাল বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে খেলায় জয়লাভ করার সাথে সাথে শিক্ষার্থীদের মধ্যে বাঁধ ভাঙ্গা উল্লাস নেমে আসে। নগরবাসীও এ অর্জনে আনন্দিত হয়ে বিদ্যালয়টির পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
এসএম