আগৈলঝাড়ায় ভোট না দেয়ায় বৃদ্ধকে পিটিয়ে আহত

আগৈলঝাড়ায় ইউপি নির্বাচনের সময় ভোট না দেয়ার অপরাধে এক বৃদ্ধকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। হামলায় ওই বৃদ্ধের কোমরসহ হাত ভেঙ্গে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা গ্রামের গ্রাম পুলিশ সুমন হালদারের পিতা সুশীল হালদারকে (৫৫) ইউপি নির্বাচনের সময় ভোট না দেয়ার অপরাধে একই এলাকার মনোতোষ ভৌমিক ও তার ভাই মনিন্দ্র ভৌমিক বাঁশ দিয়ে এলোপাথারি পিটিয়ে আহত করে। গ্রাম পুলিশ সুমন হালদার জানান, গত ইউপি নির্বাচনের সময় বর্তমানে নির্বাচিত ইউপি সদস্য প্রদীপ হালদারকে সমর্থন দেয়ায় প্রতিপক্ষের অপর প্রার্থী মনোতোষ ভৌমিক নির্বাচনে হেরে যায়। সেই থেকেই আমাদের সাথে তার শত্রুতা।
বৃহস্পতিবার রাতে আমার পিতা সুশীল হালদার বাড়ি যাওয়ার পথে পূর্বের রেশ ধরে মনোতোষ ভৌমিক তার পথরোধ করে। এসময় তাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায় মনোতোষ ভৌমিক ও তার ভাই মনিন্দ্র ভৌমিক বাঁশ দিয়ে এলোপাথারি পিটিয়ে তাকে আহত করে। এসময় হামলায় আমার পিতার কোমরসহ হাত ভেঙ্গে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, গ্রাম পুলিশ সুমন হালদারের পিতা সুশীল হালদারকে মারধরের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এইচকেআর