আগৈলঝাড়ায় নবাগত ইউএনও’র যোগদান

বরিশাল আগৈলঝাড়া উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করলেন বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তার পদায়ন করা হয়। আদেশে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।
আগামী রোববার আগৈলঝাড়া উপজেলায় ইউএনও হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করার কথা রয়েছে মো. সাখাওয়াত হোসেনের। নবাগত ইউএনও মো. সাখাওয়াত হোসেন বলেন, আমার ওপর আস্থা রেখে আগৈলঝাড়া উপজেলার যে দায়িত্ব দেয়া হয়েছে তা পালন করতে সর্বাত্মক চেষ্টা করব। এর জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সাখাওয়াত হোসেন ৩৪ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ সিভিল সার্ভিসে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। গত ২০১৯ সালের ৪ এপ্রিল সহকারী কমিশনার হিসেবে নলছিটিতে যোগদান করেন। গত বছরের ১২ আগষ্ট বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে তিনি বদলি হন। এরপর তিনি সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার বাড়ি পটুয়াখালী জেলায়।
এইচকেআর