আগৈলঝাড়ায় শ্রমিকলীগ নেতাকে মারধর

বরিশালের আগৈলঝাড়ায় নিজের মুরগির ফার্মে রাতযাপন করায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় শ্রমিকলীগ নেতাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় শ্রমিকলীগ নেতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের হাচেন আলী মোল্লার ছেলে উপজেলা শ্রমিকলীগের সহ-দপ্তর সম্পাদক হাদিস মোল্লা (৪৩) নিজের মুরগির ফার্মে রাতযাপনকালে একই এলাকার জৈনদ্দি সরদারের ছেলে কালাচান সরদারের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডা হয়।
পরে কালাচান সরদারের নেতৃত্বে সান্টু সরদার, আনোয়ার সরদারসহ ১০/১২ জন মিলে শ্রমিকলীগ নেতা হাদিস মোল্লাকে এলোপাথারি পিটিয়ে গুরুতর আহত করে। শ্রমিকলীগ নেতা হাদিস মোল্লা জানান, পূর্ব পরিকল্পিত ভাবে আমার মুরগির ফার্মের ক্ষতি করতে পারে এই কারনে আমি কয়েকদিন যাবৎ ফার্মে রাতযাপন করছিলাম। আমি কেন আমার ফার্মে রাতযাপন করি এই ঘটনা নিয়ে কালাচান আমার সাথে বাকবিতন্ডা করে এবং পরে কালাচানের নেতৃত্বে ১০/১২ জন মিলে আমাকে পিটিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শ্রমিকলীগ নেতা হাদিস মোল্লাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ভর্তি করা হয়। অভিযুক্ত কালাচান সরদার জানান, সামান্য তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডার একপর্যায় মারামারির ঘটনা ঘটলে হাদিস মোল্লা আহত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অর্নব সাহা জানান, হামলায় আহত রোগীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, শ্রমিকলীগ নেতা হাদিস মোল্লাকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এইচকেআর