হিজলায় চোরের বাড়ি থেকে ছয়টি চোরাই গরু উদ্ধার

বরিশালের হিজলায় ৬টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের চরকুশরিয়া গ্রামের কালাম বেপারীর বাড়ি থেকে চোরাই গরু উদ্ধার করেন তারা। তবে চুরির ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
হিজলা থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরকুশরিয়া গ্রামে রহিম বক্স বেপারীর ছেলে কালাম বেপারীর বাড়িতে অভিযান পরিচালনা করেন তারা।
অভিযানের বিষয়টি টের পেয়ে চোর গরু ফেলে রেখে চোর চক্র পালিয়ে যায়। পরে ঘটনাস্থল হতে ছয়টি চোরাই গরু উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
হিজলা গৌরবদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জাহের আকন জানান, ‘উপজেলার কানিবগা থেকে কয়েকটি গরু চুরি হয়েছে বলে কিছু লোক আমাকে জানিয়েছে। পরে জানতে পারি কালাম বেপারীর গোয়ালে কিছু চোরাই গরু রয়েছে।
বিষয়টি গ্রাম পুলিশ ও পার্শ্ববর্তী ইউপি সদস্য ইসমাইল হোসেনকে নিয়ে হিজলা থানা পুলিশকে অবগত করি। এরপর পুলিশ অভিযান চালিয়ে কালাম বেপারীর গোয়ালঘর থেকে চোরাই গরু উদ্ধার করেন।
এই ইউপি সদস্য আরও জানান, মাস দুই পূর্বে চোর চক্রটি প্রকাশ্যে চোরাই গরু জবাই করে বাজারে বিক্রি করেছে, যা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। এখন প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ছাড়া গরু চুরি ঠেকানো সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, ‘ছোট বড় মিলিয়ে ৬টি চোরাই গরু উদ্ধার হয়েছে। গরুর মালিকের সন্ধান পাওয়া গেছে। তাছাড়া চোরচক্র সনাক্তে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কেআর