হিজলায় ব্যবসায়ীক ট্রলারে ডাকাতি, আহত ৩

বরিশালের হিজলায় ব্যবসায়ীক ট্রলারে ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় ডাকাত সদস্যদের হামলায় তিনজন আহত হয়েছে। পাশাপাশি ডাকাতদল ব্যবসায়ীদের কাছ থেকে লুট করেছে সাড়ে তিন লাখ টাকা।
এই ঘটনায় আহতরা হলেন- ফিরোজ মাঝি (৩৫), সবুজ হাওলাদার (৩০), দিদার হোসেন (২২)। তাদেরকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার হিজলা দৌরবদী ইউনিয়নের পাঁচ নম্বর চরজানপুর মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।
আহত সবুজ হাওলাদার জানান, ‘চরভৈরবের হায়দারগঞ্জ বাজার থেকে সয়াবিন তেল ও গরু বিক্রি করে ট্রলার যোগে ফিরছিলেন তারা। এসময় দুটি ট্রলারে ১০-১৫ জনের একদল ডাকাত তাদের ওপর অতর্কিতভাবে হামলা করে।
তিনি বলেন, ‘ডাকাতদল আমাদের সাথে টাকা নিতে ধস্তাধস্তি শুরু করে। টাকা দিতে না চাইলে তারা এলোপাথারী মারপিট শুরু করে। একপর্যায় তার আমাদের মারধর করে টাকা ছিনতাই করে।
এই ব্যবসায়ী দাবি করেছেন, ‘ডাকাতির ঘটনা যারা ঘটিয়েছে তাদের মধ্যে মানিক মাঝি, রমজান গোলদার, শাহাবুদ্দিন মাঝি, সফিজ উদ্দিন মাঝি, হালান মাঝিকে তারা চিনতে পেরেছেন। এদের বিরুদ্ধে ভুক্তভোগী ফিরোজ মাঝি বাদী হয়ে হিজলা থানায় একটি অভিযোগ দিয়েছেন।
হিজলা গৌরবদী ইউপি সদস্য আবুল কালাম সরদার বলেন, ‘রোববার রাতে আহতরা গুরুতর অবস্থায় নদী থেকে তীরে এসে আমার বাড়িতে আসলে আমি তাদের হাসপাতালে ভর্তি করে দেই।
হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, ‘ডাকাতির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তবে এটি ডাকাতি কিনা তা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেআর