ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

বরিশালে তীব্র পানির সংকট, নগরবাসীর হাহাকার

বরিশালে তীব্র পানির সংকট, নগরবাসীর হাহাকার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিচ্ছে নগরীজুড়ে। হাহাকার অবস্থা নগরবাসীর। ভূগর্ভস্থ পানির স্তর নামায় এই অবস্থা বলে ধারণা পরিবেশবিদদের। পানির চাহিদা মেটাতে অর্ধ শতকোটি টাকা ব্যয়ে দুটি শোধনাগার করা হলেও উদ্বোধনের ৫ বছরেও চালু হয়নি।

শনিবার (২ এপ্রিল) বিকেলে ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে দেখা যায় শরীরের সবটুকু শক্তি দিয়েও গভীর নলকূপে এক ফোঁটা পানি পাচ্ছেন না। শুধু ওই নলকূপেই নয়, বরিশাল নগরীর লাকুটিয়ার খ্রিস্টান কলোনির সবকটি টিউবয়েলেই মিলছে না কোনো পানির দেখা।


খাবারের পানির জন্য হাহাকার অবস্থা নগরীজুড়ে। এক কলস সুপেয় পানির জন্য ভোর হতে না হতেই এক বাড়ি থেকে আরেক বাড়িতে ছুটোছুটি করেন বাসিন্দারা। কিন্তু এরপরও চাহিদামতো পানি পান না এলাকাবাসী। এতে প্রায়ই বিক্ষোভে নামেন স্থানীয়রা।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের জেলা সমন্বয়কারী রফিকুল আলমের দাবি, ভূগর্ভস্থ পানির স্তর ক্রমশ নিচে নামায় পুরো শহরেই দেখা দিয়েছে এমন তীব্র সংকট, দাবি পরিবেশবিদদের।

নগরীতে প্রতিদিন যেখানে ১ কোটি ২০ লাখ গ্যালন পানির চাহিদা সেখানে সরবরাহ হচ্ছে মাত্র ৬৬ লাখ গ্যালন। পানির অর্ধেক চাহিদাও মেটাতে পারছে না সিটি করপোরেশন।

অথচ পানির সরবরাহ ঠিক রাখতে ২০১৫ সালে প্রায় অর্ধ শতকোটি টাকা ব্যয়ে বেলতলা ও রুপাতলীতে দুটি সারফেজ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করা হয়। কিন্তু সেখান থেকে একদিনের জন্যও পানি সরবরাহ হয়নি। এ জন্য নির্মাণ প্রতিষ্ঠান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দায় চাপাচ্ছে সিটি করপোরেশনের ওপর।

বরিশাল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মঈনুল হাসান বলেন, ২০১৯ সালের অক্টোবরে একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল ট্রিটমেন্ট প্লান্ট দুটি সিটি করপোরেশন রক্ষণাবেক্ষণ পরিচালনা করবে।

এদিকে বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু বলেন, প্রকল্পে লুটপাট করায় প্ল্যান্ট দুটি কোন কাজে আসছে না।

নগরীতে আগে ৩২টি পানির পাম্প থাকলেও গত দুই বছরে আরও ৫টি বাড়িয়ে করা হয়েছে ৩৭টি পাম্প। এ ছাড়া বর্ধিত এলাকায় নতুন ৭ কিলোমিটার পানির পাইপলাইন স্থাপনের দাবি নগর কর্তৃপক্ষের।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন