আগৈলঝাড়ায় সাপের কামড়ে একজনের মুত্যু

বরিশালের আগৈলঝাড়ায় সাপের কামড়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল গ্রামের বিবেক ঢালীর স্ত্রী সুমালা ঢালী (৬৫) বাড়ির পাশের জমিতে ধান ক্ষেত দেখতে যাওয়ার সময় তাকে একটি বিষধর সাপ কামড় দেয়। তাৎক্ষণিকভাবে তিনি ক্ষতস্থান বেঁধে বাড়িতে আসেন। পরে স্থানীয় একজন ওঝাকে বাড়িতে ডেকে আনেন তার পরিবারের সদস্যরা।
সুমালা ঢালীর স্বামী বিবেক ঢালী জানান, আমরা দুজন মিলে জমির ধান দেখার জন্য জমির আইলের উপর দিয়ে হেটে যাচ্ছিলাম। তখন আমার স্ত্রী সুমালা আমার আগে হাটতে ছিল। তখন হঠাৎ করে একটি বিষধর সাপ আমার স্ত্রীকে কামড় দেয়।
পরে সুমালা ঢালীর শারীরিক অবস্থার অবনতি হলে রাত সাড়ে সাতটার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. আশিষ কুমার সাহা তাকে মৃত ঘোষনা করে।
এইচকেআর