ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

বরিশালে ইউপি সদস্যের বাড়ি থেকে জেলেদের ২০ বস্তা চাল উদ্ধার

বরিশালে ইউপি সদস্যের বাড়ি থেকে জেলেদের ২০ বস্তা চাল উদ্ধার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


বরিশালের মুলাদীতে ইউপি সদস্যের বাড়ি থেকে জেলেদের ২০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।  বহস্পতিবার (৩১ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬নং ওয়ার্ডের সদস্য মোঃ রাশেদ বেপারীর বসত ঘর থেকে এ চাল উদ্ধার করা হয়। 

সরকারি প্রণোদনার চাল জেলেদের না দিয়ে আত্মসাতের জন্য ইউপি সদস্য তার বাড়িতে রেখে দিয়েছিলেন বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা।মো. রাশেদ বেপারী চরকালেখান ইউনিয়নর কায়েতমারা গ্রামের মৃত আ. রশিদ বেপারীর ছেলে।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী জানান, উপজেলার চরকালেখান ইউনিয়ন পরিষদে গত দুই দিন ধরে জেলেদের মাঝে চাল বিতরণ করা হচ্ছিলো। তালিকাভুক্ত অনেক জেলে চাল না পেলেও ইউনিয়ন পরিষদের গুদামের চাল শেষ হয় যায়। এছাড়া কয়েকজন জেলে রাশেদ বেপারীর বাড়িতে সরকারি চাল নিতে দেখে তারা উপজেলা মৎস্য কর্মকর্তা ও থানা পুলিশে সংবাদ দেন।

সংবাদ পেয়ে ইউপি সদস্যের বাড়িত গিয়ে ঘরের পিছনের বারান্দা থেকে সেলাই করা ১৩ বস্তা এবং সেলাইবিহীন ৭-৮ বস্তা চাল উদ্ধার করা হয়। 

তিনি আরো বলেন, চালগুলা তালিকাভুক্ত জেলেদের মাঝে বিতরণ না করে ইউপি সদস্যের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিলো। পরে চালগুলো জব্দ করে ট্যাগ অফিসারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। 

এ ঘটনায় নিয়মিত মামলা করা হবে বলে তিনি জানান।

ইউপি সদস্য মো. রাশেদ বেপারী বলেন, কার্ডধারী জেলেদের মাঝে চালগুলো বিতরণের জন্যই আমার ঘরে এনে রেখেছিলাম। 

মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর মোহাম্মদ হোসাইনী বলেন, বিষয়টি জেনেছি এবং উদ্ধারকৃত চাল জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা মৎস্য কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। 

মুলাদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন