ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় ভাঙ্গা রাস্তায় চলাচলে দুর্ভোগ চরমে

আগৈলঝাড়ায় ভাঙ্গা রাস্তায় চলাচলে দুর্ভোগ চরমে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় একটি রাস্তা সংস্কার না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন কয়েকটি গ্রামের শতাধিক মানুষ। রাস্তাটিতে বড় বড় গর্ত এবং পূর্বের রাস্তার ঢালাই ভেঙ্গে যাওয়ার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পথচলা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। রাস্তার কিছু অংশ একেবারেই চলাচলের অনুপযোগী। যার কারনে অনেক বছর যাবৎ ভ্যান, ইজিবাইকসহ অন্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে।  

সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা গ্রামের সাবেক ইউপি সদস্য হানিফ সরদারের বাড়ির সামনে থেকে সাইদ নবযুগ গ্রাম পর্যন্তÍ এই রাস্তায় শতাধিক মানুষের চলাচল। রাস্তার বেশির ভাগ অংশ এখন ভেঙ্গে চৌচির হয়ে পরে রয়েছে। আবার অনেক জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।  স্থানীয় সাইদ মিয়া জানান, রাস্তাটির অবস্থা খুবই নাজুক। এমন দুরাবস্থা পূর্ণ রাস্তা পুরো উপজেলায় আর নেই। স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাস্তাটি মেরামতের জন্য অনুরোধ জানান তিনি। ভ্যান চালক সিদ্দিক বেপারী জানান, এ রাস্তাটি যেন দেখার কেউ নেই। প্রতিদিন এ রাস্তা দিয়ে শত শত লোকজন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। রাতে অন্ধকারে চলাচল করতে গিয়ে এলাকার লোকজন দুর্ঘটনার কবলে পরে। আমি গরিব মানুষ ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি। কিন্তু রাস্তার যে অবস্থা পায়ে হেটে চলাই কষ্ট তারপর আবার ভ্যানে কিভাবে মানুষ চলাচল করবে।  

পথচারী হান্নান বেপারী জানান, রাস্তার এমন পরিস্থিতিতে তাদের ব্যবসায় বেশ ক্ষতি হচ্ছে। যানবাহন না চলায় তাদের বাড়তি ভাড়া গুনতে হয়।  এদিকে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। কারন তাদের দীর্ঘ ভাঙ্গা পথ পাড়ি দিয়ে চলাচল করতে হচ্ছে। যার কারনে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সময় মত শিক্ষার্থীরা যেতে পারে না। ওই রাস্তায় চলাচলকারী শিশু শিক্ষার্থী আনিকা আক্তার জানান, রাস্তাটির বেশির ভাগ স্থানই ভেঙ্গে গেছে। যার কারনে স্কুলে যেতে খুবেই কষ্ট হয়। আমরা চাই রাস্তাটি দ্রত মেরামত করে দেয়া হোক।  

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার জানান, অভ্যন্তরীণ রাস্তাঘাট সংস্কার প্রক্রিয়াধীন রয়েছে। বিভিন্ন সড়কে কাজও চলছে। কিছু কিছু টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি দ্রত সময়ের মধ্যেই সড়কের কাজ শুরু হবে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন