ঢাকা শনিবার, ২২ অগাস্ট ২০২৬

Motobad news

ববির সেই ছাত্রীর স্বামীসহ ৪০ জ‌নের বিরুদ্ধে মামলা

 ববির সেই ছাত্রীর স্বামীসহ ৪০ জ‌নের বিরুদ্ধে মামলা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন চরআইচা গ্রামে প্রবেশ করে ইউপি সদস্য সাইদুল আলম লিটনের ওপর হামলা ও ঘর-বাড়ি ভাঙচুরের অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ত‌বে এই মামলায় ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের কো‌নো শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়‌নি।

বরিশাল মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে বৃহস্পতিবার দুপুরে মামলাটি দায়ের করেন ইউপি সদস্য লিটনের স্ত্রী লুৎফর নাহার কাজল।

মামলায় মঙ্গলবার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ছাত্রী ও তার স্বামী সোহাগ হাসানকে মারধরের অভিযোগ ওঠে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুল আলম লিটন ও স্থানীয় যুবক জাহিদ হোসেন জয়সহ তাদের সহযোগীদের বিরুদ্ধে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা লিটন ও জয়ের ঘর বাড়িতে ভাঙচুর চালায়। লিটনের স্ত্রীর মামলায় ওই ছাত্রীর স্বামী সোহাগ হাসানসহ অজ্ঞাত ৪০ জনকে আসামি করা হয়েছে।

মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক আল ফয়সাল আগামী ১০ দিনের মধ্যে বন্দর থানার ওসিকে এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আতিকুর রহমান জুয়েল।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, আসামি সোহাগ হাসানের নামে ঝালকাঠি ও বন্দর থানায় একাধিক অভিযোগ রয়েছে। আসামিকে কেউ অন্যায় কাজে বাধা দিলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করে। মঙ্গলবার রাতে স্থানীয় যুবক জয়কে সোহাগ তার দলীয় লোকজন নিয়ে বেধড়ক মারধর করে। বাদীর স্বামী ইউপি সদস্য লিটন বাধা দিতে গেলে আসামি সোহাগ তার হাতে থাকা লোহার রড দিয়ে মাথায় আঘাত করে।

আরও বলা হয়, লিটন জীবন বাঁচাতে নিজের বাড়িতে গিয়ে আশ্রয় নিলে সোহাগ তার দলবল নিয়ে লিটনের বসত বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে ৫ লাখ টাকার ক্ষতি সাধন করে। সোহাগ বাদীর আলমারি ভেঙে নগদ দুই লাখ টাকা চুরি করে নেয়। এ ছাড়া ৫ ভরি স্বর্ণালংকারও নিয়ে যায় সে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন