বরিশাল মেডিকেলে বিস্ফোরণ, আতঙ্কে রোগীর মৃত্যু

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) সেন্ট্রাল অক্সিজেন লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্কে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে বলে গুঞ্জন উঠেছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের কার্ডিওলজি বিভাগে এ ঘটনা ঘটে। পরে রোগীদের পাশের পোস্ট সিসিইউ ওয়ার্ডে স্থানান্তর করা হয়।
মৃত রমনী দাস (৬৫ ) বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা।
হাসপাতালের তত্ত্বাবধায়ক (সেবা) সেলিনা আক্তার জানান, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সেন্ট্রাল অক্সিজেন লাইনে আগুন ধরে। এ সময় রোগী ও স্বজনরা আতঙ্কে হুড়াহুড়ি শুরু করেন। তবে নিজস্ব ব্যবস্থাপনায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন হাসপাতালের কর্মীরা। তাৎক্ষণিক একই ওয়ার্ডের পাশের পোস্ট সিসিইউতে রোগীদের সরিয়ে নিয়ে সেবা দেওয়া হচ্ছে।
গৌরনদী উপজেলার সরিকল থেকে আসা রমনী দাসের স্বজনরা অভিযোগ করেন, ওই ঘটনার পর রাত সোয়া ১১টার দিকে রমনী দাসের মৃত্যু হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ওই রোগী আগে থেকেই মুমূর্ষু ছিলেন।
এ বিষয়ে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ.এম সাইফুল ইসলাম বলেন, আতঙ্কিত হওয়ার কারণ নেই। হাসপাতালের নিজস্ব ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
রোগী মৃত্যুর বিষয়ে তিনি বলেন, ঘটনার পরে একজন রোগীর মৃত্যু হয়েছে এটা সত্যি। তবে আগুন কিংবা আতঙ্কে তার মৃত্যু হয়নি। কারণ সে ঘটনাস্থল থেকে অনেক দূরে ছিল। রোগের কারণেই মৃত্যু হয়েছে।
এমবি