ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

 বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

যথাযোগ্য মর্যাদায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস । দিবসটি উপলক্ষে  মঙ্গলবার সকাল ৯ টায়  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এর নেতৃত্বে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে সকাল সাড়ে ৯ টায়  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, পরিচালক, দপ্তর প্রধান, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, গ্রেড ১১-১৬ ও গ্রেড ১৭-২০ কল্যান পরিষদ, বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল, শেখ হাসিনা হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, বিভিন্ন বিভাগ, ববিতে কর্মরত বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের সংগঠন উত্তরাধিকারসহ অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক ও  স্বেচ্ছাসেবী সংগঠন পুষ্পস্তবক অর্পণে অংশ নেয়।

দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে জীবনানন্দ দাশ কনফারেন্স হলে সকাল সাড়ে ১০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য  বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আহবানে সাড়া দিয়ে বাঙালী জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরে যখন বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল ঠিক তখনই অত্যন্ত সুপরিকল্পিত ভাবে জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে পাকহানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা তালিকা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মম ভাবে হত্যা করে। তারা ভেবেছিলো এর মাধ্যমে বাঙালীকে নেতৃত্বশূন্য করা যাবে। কিন্তু তাদের সে স্বপ্ন বাস্তবায়িত হয়নি। একই ভাবে আবার ৭৫ এ জাতির পিতাকে হত্যার মাধ্যমে বাঙালীর ইতিহাসকে মুছে দেয়ার অপচেষ্টা করা হয়। কিন্তু দীর্ঘ সময় পরে হলেও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাঙালী জাতি আজ ঘুরে দাড়িয়েছে। তরুণ প্রজন্ম আজ মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে তাদের হৃদয়ে ধারণ করেছে। এসময় উপাচার্য বুদ্ধিজীবীদের এ ত্যাগ থেকে শিক্ষা নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রত্যেককে প্রত্যেকের অবস্থান থেকে কাজ করে ক্ষুধা, দারিদ্রমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলের প্রতি আহবান জানান।  

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মুহসিন উদ্দীন। শিক্ষক সমিতির সভাপতি ড. খোরশেদ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেন,  শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া, রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. হালিমা বেগম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তানভীর কায়সার এবং অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ। আলোচনা সভায় শিক্ষক, শিক্ষার্থী,  কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় বিশ্বাস। এছাড়াও দিবসটি উপলক্ষে দুপুরে  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।  

 

 

 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন