বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন

বিনম্র শ্রদ্ধায় বরিশালে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসের প্রথম প্রহরে টর্চারসেল ও বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দিনভর নানান কর্মসূচি রয়েছে।
দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে টর্চারসেল ও বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বরিশালের সিটি মেয়রের পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা ও কাউন্সিলরবৃন্দসহ জেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সকাল থেকে জেলা ও বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ও মহানগর বিএনপি, বরিশাল শিক্ষা বোর্ডসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক-সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
এদিকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বরিশাল আওয়ামী লীগ। এরমধ্যে রয়েছে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দলীয় কার্যালয়ে আলোচনা সভা।
১৩ ডিসেম্বর রাত ১২ টা ১ মিনিটে বরিশাল নগরীর ওয়াপদা কলোনিতে অবস্থিত ৭১ এর স্মৃতি বিজড়িত নির্যাতন ও বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দলটি। এছাড়া আজ ১৪ ডিসেম্বর বিকাল ৩ টায় শহীদ সোহেল চত্বরের দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এমবি