মাদকের বিষবৃক্ষ দমনে অনেকটাই এগিয়ে আছি : বিএমপি কমিশনার

বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় কাউনিয়া থানার উদ্যোগে জনসাধারণের সমস্যা সমাধান এবং জবাবদিহিতা নিশ্চিতকল্পে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওপেন হাউজ ডে-তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিপিএম-বার।
এসময় তিনি বলেন, ওপেন হাউজ ডে-তে আমরা তিন ধরনের আবেদন গুরুত্ব সহকারে শুনে থাকি- ভুক্তভোগীর কথা শুনি, সমাজের শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের গঠনমূলক পরামর্শ শুনি এমনকি আমাদের কোন পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম রয়েছে কিনা তা সরাসরি আপনাদের কাছ থেকে শুনে থাকি এবং সেই অনুযায়ী গৃহীত ব্যবস্থা সকলের সামনে পর্যালোচনা করে থাকি। তাই, নিজ ও প্রতিবেশীকে ভালো রাখতে অপরাধ দানাবাঁধার আগেই এখানে এসে বেশি বেশি তথ্য দিয়ে সহায়তা করুন। এমনকি আমাদের আচরণে সাধারণ জনগণ বা সেবা প্রত্যাশী ভুক্তভোগীর প্রতি অনিয়ম-দুর্নীতি, অনাস্থার নেপথ্যে কেউ থাকলে মুখ বুজে না থেকে সরাসরি বা গোপনে বলুন।
পুলিশ কমিশনার বলেন, উন্নত নিরপেক্ষ পুলিশিং সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে নির্মোহ দৃষ্টিতে পেশাদারিত্বের সাথে কাজের মাধ্যমে ইতিমধ্যে জনগণকে দেখিয়ে দিতে সক্ষম হয়েছি আমরা। সমাজের অপরাধ চিত্র বদলে দিতে, সমাজে অপরাধ দানাবাঁধার আগেই তা প্রতিরোধে কমিউনিটি পুলিশিং এর সদস্যগণ একটি বিশেষ ভূমিকা পালন করতে পারেন। কমিউনিটি পুলিশিং পূর্ণাঙ্গ অরাজনৈতিক, সামাজিক একটি প্লাটফর্ম, সমাজের শীর্ষ স্থানীয় নেতৃবর্গ সহ এখানে আস্থাশীল আগুয়ান ভালো মানুষ থাকতে পারবেন।
বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, পুলিশ মহাপরাক্রমশালী কোন গায়েবি বস্তু নয় বিধায় সামাজিক শক্তি তথা জনগণের সহযোগিতা ছাড়া যাবতীয় অপরাধ নির্মূলে সফল হতে পারে না। জনতা পুলিশ দুইয়ের সমন্বয় প্রয়োজন। মাদকের বিষবৃক্ষ দমনে আমরা যথেষ্ট এগিয়ে আছি, সমাজের সকলের অংশগ্রহণে নবউদ্যোগে মাদক উদ্ধার অভিযান কার্যক্রম আরও বেগবান করতে চাই। এক্ষেত্রে আপনাদের আন্তরিকতা কাম্য। এই ওপেন হাউজ ডে-তে এসে আইনশৃঙ্খলা রক্ষার্থে মতবিনিময় করলে সামাজিক ও জাতীয় স্বার্থ হাসিল হয়।
বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোঃ এনামুল হক বলেন, সমাজের সর্বস্তরের অপরাধ দানাবাঁধার আগেই আমাদের তথ্য দিয়ে পাশে থাকুন, বিশেষ করে স্থানীয় জনগণ, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বিষয়ে সহায়তা করলে আমরা মাদকের অপব্যবহার শূন্যের কোটায় নিয়ে আসতে পারি, আর তাহলেই জুয়া, চুরিসহ নানাবিধ অপকর্মগুলো কমে আসবে। এজন্য আমরা সজাগ থেকে কাজ করছি, আপনারাও সচেতন নাগরিক হিসেবে আমাদের সাহায্য করুন, সমাজের বিভিন্ন ধরনের সমস্যা ও নানান অসঙ্গতির তথ্য আমাদের কাছে তুলে ধরতে উদ্যোগী হয়ে এগিয়ে আসলে আপনাদের নিরাপত্তায় আমাদের কাজ করা আরও সহজ হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম নির্বাচিত জনপ্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, প্রতিটি অভিযোগ সঠিক ও নিরপেক্ষভাবে তদন্ত করাসহ আমাদের নিয়মিত আভিযানিক কার্যক্রম চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে স্থানীয় ও পারিবারিক ভাবে সোচ্চার হয়ে আইনশৃঙ্খলা সমুন্নত রেখে অর্থনীতির চাকা সচল রাখতে আমাদের তথ্য দিয়ে সহায়তা করুন। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ এইচএম আব্দুর রহমান মুকুল পিপিএম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) শেখ মোহাম্মদ সেলিম, কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার (অতিঃ দাঃ) রবিউল ইসলাম শামীম সহ কাউনিয়া থানার অন্যান্য অফিসারবৃন্দ, সুশীল সমাজের সর্বস্তরের প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ।
প্রসংগত, প্রতিমাসের ৪ তারিখ বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা, ৭ তারিখ কাউনিয়া থানা, ১০ তারিখ এয়াপোর্ট থানা ও ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার সহ শীর্ষ কর্মকর্তাবৃন্দ প্রতিটি থানায় গিয়ে জনসাধারণের কথা শোনেন। থানা এলাকার সাধারণ মানুষও এই ওপেন হাউজ ডে’র দিন উপস্থিত থাকেন।
এমবি