ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news

বরিশালে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশালে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নৌযানসহ সব ধরনের গণপরিবহনে হাফ পাশ, সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং নিরাপদ সড়কের দাবিতে বরিশালে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। রোববার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ সমাবেশ শুরু করে। এতে প্রায় দুই ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল। পরে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বেলা সাড়ে ১২টায় সড়ক ছেড়ে দেয় শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা নৌযানসহ সব ধরনের গণপরিবহনে হাফ পাশ, সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং সড়কে নিরাপদে চলাচল নিশ্চিত করার দাবি তোলেন।

সমাবেশে বক্তারা বলেন, ধারাবাহিকভাবে সড়কে দুর্ঘটনার নামে 'হত্যাকাণ্ড' ঘটানো হচ্ছে। কিন্তু এই সমস্যা সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। এছাড়া সারাদেশে সব গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাশ কোনো ভিক্ষা নয়, এটি অধিকার। এই অধিকার থেকে বরিশালের শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে।

বিক্ষোভকালে সড়কে যানজটের সৃষ্টি হলে পুলিশ শিক্ষার্থীদের রাস্তাটি ছেড়ে দেওয়ার আহ্বান জানান। এ সময় কয়েকজন বিক্ষোভকারী শিক্ষার্থীর সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হলে সড়কটি অবরোধ করে বিক্ষোভকারীরা।

এ ব্যাপারে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি সুজয় শুভ বলেন, আমরা আমাদের অধিকার আদায়ে রাস্তায় নেমেছি। কিন্তু পুলিশ নানাভাবে এখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করছিল। তবে জনগণের কথা বিবেচনা করে আমরা সড়ক থেকে সড়ে যাই। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের দাবিগুলো মানা না হলে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামা হবে।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শারমিন সুলতানা রাখী বলেন, বরিশালের অন্যতম গুরুত্বপূর্ণ  সড়ক হচ্ছে সদর রোড। এখানে যান চলাচল বিঘ্ন ঘটায় আন্দোলনকারীদের জনগণের কথা বিবেচনার অনুরোধ করি আমরা। তবু তারা দীর্ঘ সময় সড়কটি অবরোধ করে রাখে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন