বরিশালে ১শ' ১০ মণ জাটকা জব্দ
নৌ-পুলিশ বরিশাল অঞ্চলের এসপি কফিল উদ্দিন এর নেতৃত্বে একের পর এক সফল জাটকা বিরোধী অভিযান পরিচালনা করছে নৌ-পুলিশ। গত এক সপ্তাহের জাটকা বিরোধী অভিযানের সাফল্যের ধারাবাহিকতায় গতকাল (বৃহস্পতিবার) অভিযান চালিয়ে আবারো ১শ' মণের উপরে জাটকা জব্দ করেছে বরিশাল নৌ-পুলিশ। এসময় অবৈধ জাটকা বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়। নৌ-পুলিশের জাটকা বিরোধী চলমান এ অভিযানকে সফল করতে গতকালও নেতৃত্ব দেন নৌ-পুলিশ বরিশাল অঞ্চলের এসপি কফিল উদ্দিন।
নৌ- পুলিশের জাটকা বিরোধী চলমান অভিযানের ধারাবাহিকতায় গতকাল (২ ডিসেম্বর) বৃহস্পতিবার যাত্রীবাহী বাস ও ১টি ট্রাকে পৃথক অভিযান চালিয়ে আনুমানিক ১শ’ ১০ মণ জাটকা উদ্ধার করে বরিশাল সদর নৌ-থানা পুলিশ। জানাগেছে, বৃহস্পতিবার রাত ৯টায় নৌ পুলিশ বরিশাল অঞ্চলের এসপি কফিল উদ্দিনের নেতৃত্বে বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান নৌ- পুলিশ সদস্যদের নিয়ে দপদপিয়া সেতুর টোলঘর সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে যাত্রীবাহী পরিবহন ও একটি ট্রাক থেকে এই জাটকা উদ্ধার করেন। এ সময় অবৈধ জাটকা পরিবহনের দায়ে ৫ জনকে আটক করা হয়।
নৌ পুলিশ বরিশাল অঞ্চলের এসপি কফিল উদ্দিন জানান, গোপন সংবাদে জানতে পেরে কুয়াকাটা ও কলাপাড়া-মহিপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহি পরিবহন ও একটি ট্রাকে অভিযান চালানো হয়। এ সময় যাত্রীবাহী পরিবহন ও ট্রাক থেকে আনুমানিক ১শ’ ১০ মণ জাটকা উদ্ধার করা হয়।
আজ ৩ ডিসেম্বর (শুক্রবার) বরিশাল পুলিশ লাইনস্ মাঠে উদ্ধারকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও অসহায়-দু:স্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। এবং আটককৃত ৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়েছে বলে তিনি জানান।
তিনি আরো জানান, বরিশাল অঞ্চল ও সদর নৌ থানা পুলিশ সর্বদা জাটকাবিরোধী অভিযান সফল করতে সচেষ্ট রয়েছে। নৌ পুলিশের জাটকা বিরোধী এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
এমবি