বরিশালে মাকে হত্যার অভিযোগে বাবাসহ ৫ জনের বিরুদ্ধে ছেলের মামলা

মাকে হত্যা করার অভিযোগে বাবাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ছেলে। মঙ্গলবার (২৩ নভেম্বর) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন বিমানবন্দর থানাধীন বিল্ববাড়ি এলাকার বাসিন্দা ইব্রাহিম মিয়া।
মামলায় তার বাবা বরিশাল নগরীর উকিল বাড়ি সড়কের বাসিন্দা ইসমাইল মিয়া (৬০), সৎ মা হেপী বেগম (৩৫), তাদের আত্মীয় কাজীরহাট থানাধীন মাধবরায় গ্রামের গিয়াস ফকির (৪২), শাহিন ফরাজি (৩৫) ও চিলমারী এলাকার সোহাগ হাওলাদারকে অভিযুক্ত করা হয়।
অভিযোগে ইব্রাহিম আদালতে বলেন, তার মা সুফিয়া বেগম জীবিত থাকাবস্থায় তার বাবা ইসমাইল মিয়া অভিযুক্ত হেপী বেগমের সাথে পরকীয়ায় লিপ্ত ছিলেন। এ ব্যাপারে সুফিয়া নিষেধ করলে ইব্রাহিম তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। বাদী এর প্রতিবাদ করায় তাকে খুন জখমের হুমকি দিয়ে ঘর থেকে বের করে দেয়া হয়।
গত ২৪ জানুয়ারি সকালে মায়ের সাথে দেখা করতে গিয়ে ছেলে জানতে পারেন তার বাবা সুফিয়া বেগমের সাথে অশালীন আচরণ করছেন। তিনি তার মাকে সান্ত্বনা দিয়ে বাসায় চলে আসেন। রাত ১১টায় খবর পান তার গুরুতর অসুস্থ অবস্থায় শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি সেখানে গেলে অভিযুক্ত বাবা তার সাথেও অশালীন আচরণ করেন। ভোর রাতে তিনি খবর পান তার মা মারা গেছেন।
সুফিয়া মারা যাওয়ার সাথে অভিযুক্তরা তার দাফন প্রক্রিয়া সম্পন্ন করেন। বাদী ময়নাতদন্তের দাবি জানালে তাকে শোকাহত অবস্থায় উল্টো পাল্টা বুঝিয়ে তার মায়ের লাশ দাফন করে দেয়া হয়। এর কিছুদিন পরে তার বাবা হেপীকে বিয়ে করে সংসার শুরু করেন। গত ২৪ নভেম্বর ইব্রাহীম তার মায়ের কবর জিয়ারত করতে গেলে তার বাবা তাকে বাধা দেন। তিনি অনুনয় বিনয় করলে আরও অশালীন আচরণ করেন। একপর্যায়ে বাবা ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় ইসমাইল মিয়া ক্ষিপ্ত হয়ে বলেন, তোর মাকে চিরতরে সরিয়ে দিয়েছি এবার তোর পালা। বাবার মুখে একথা শুনে ইব্রাহীমের সন্দেহ হয় তার বাবা হেপীকে বিয়ে করা সহ রেকর্ডীয় সম্পত্তি আত্মসাৎ করার জন্য তার মাকে হত্যা করেছেন।
এ ধরনের অভিযোগ দেয়া হলে আদালতের বিচারক মাসুম বিল্লাহ এসআই মর্যাদা সম্পন্ন কোনো সিআইডি পুলিশ কর্মকর্তা দ্বারা অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের জন সিআইডি পুলিশকে আদেশ দেন বলে আদালত সূত্র জানায়।
এমবি